আশুলিয়া এক্সপ্রেসওয়ে

যান চলাচলের জন্য খুলে দেওয়া হলো দুটি সার্ভিস সেতু

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ এএম

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় নির্মিত ধউর-আশুলিয়া রুটের দুটি সার্ভিস সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। গতকাল বুধবার সকালে সেতু দুটির উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। মূল এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ চলার সময় সাভার, আশুলিয়া ও ঢাকার মধ্যে যান চলাচল স্বাভাবিক রাখা এবং স্থানীয় মানুষের ভোগান্তি কমাতে বিকল্প হিসেবে এসব সার্ভিস সেতু নির্মাণ করা হয়েছে। সেতু দুটি টোলমুক্ত রাখা হয়েছে। সাধারণ যানবাহনের পাশাপাশি পথচারীরাও এগুলো ব্যবহার করতে পারবেন।

নিরাপদ চলাচলের জন্য সেতু দুটিতে যানবাহনের উচ্চতার ক্ষেত্রে নির্দিষ্ট সীমা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সীমার বেশি উচ্চতার যানবাহন সেতুতে উঠতে পারবে না। সংশ্লিষ্টরা আশা করছেন, সার্ভিস সেতু চালুর ফলে উত্তরা থেকে আশুলিয়া এবং আশুলিয়া থেকে ঢাকামুখী যানবাহনের চলাচল সহজ হবে। একই সঙ্গে মূল এক্সপ্রেসওয়ের নির্মাণকাজও এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হবে।

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে পুরোপুরি বাস্তবায়িত হলে ঢাকা ইপিজেড থেকে আশুলিয়া হয়ে কাওলায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপিত হবে। এর মাধ্যমে বিমানবন্দর থেকে কুড়িল, বনানী, তেজগাঁও হয়ে যাত্রাবাড়ীর কুতুবখালী পর্যন্ত প্রায় ৪৪ কিলোমিটার দীর্ঘ একটি নিরবচ্ছিন্ন উড়ালসড়ক নেটওয়ার্ক গড়ে উঠবে। এ ছাড়া সাভার ও বাইপাইল এলাকার যানজট কমাতে বাইপাইল মোড়ে মাল্টি-লেভেল ইন্টারচেঞ্জ, বিমানবন্দরে প্রবেশের জন্য বিশেষ র‌্যাম্প এবং মেট্রোরেলের এমআরটি লাইন-১ স্টেশনে যাতায়াতের পৃথক সংযোগ নির্মাণ করা হচ্ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত