মিরপুরে ছিনতাইকারী আটক জিম্মি কিশোর উদ্ধার

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ এএম

রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে মোহাম্মদ রাব্বি নামে এক ছিনতাইকারীকে আটক করেছে পল্লবী ট্রাফিক জোনের পুলিশ। এ সময় ছিনতাইকারীদের কবল থেকে অর্ক নামে এক কিশোরকে উদ্ধার করা হয়।

গতকাল বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

আকতার হোসেন বলেন, গত মঙ্গলবার রাতে পল্লবী থানাধীন মিরপুর বাংলা স্কুল এলাকায় মেট্রোরেল পিলার নম্বর-২২২-এর কাছে দায়িত্ব পালন করছিলেন পল্লবী ট্রাফিক জোনের একজন পুলিশ সদস্য। এ সময় রাস্তার পাশে একটি অটোরিকশা দাঁড়িয়ে থাকতে দেখে তার সন্দেহ হয়। পরে তিনি অটোরিকশাটির কাছে গেলে ভেতর থেকে অর্ক নামে এক কিশোর চিৎকার করে সাহায্য চান। তাৎক্ষণিকভাবে তিনি অটোরিকশা থেকে ছিনতাইকারী মোহাম্মদ রাব্বিকে আটক করেন। এ সময় আরও তিন ছিনতাইকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আটক রাব্বিকে পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে। পালিয়ে যাওয়া ছিনতাইকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।

সর্বশেষ সর্বাধিক পঠিত