মোহাম্মদপুরে বহিষ্কৃত শ্রমিক দল নেতা পিন্টু গ্রেপ্তার

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ এএম

রাজধানীর মোহাম্মদপুরে আন্তঃজেলা ট্রাক মালিক সমিতির কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলায় শ্রমিক দলের বহিষ্কৃত নেতা মো. আলী কায়সার পিন্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যায় মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

গতকাল বুধবার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ওসি মো. আব্দুল হালিম বলেন, ১০ লাখ টাকা চাঁদাবাজির মামলায় পিন্টুকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ ভাঙচুর ও মারধরের অভিযোগ করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়, গত ৩১ আগস্ট বিকেলে সাত মসজিদ হাউজিংয়ের ভাঙা মসজিদ ট্রাক টার্মিনালে আন্তঃজেলা ট্রাক মালিক সমিতির কার্যালয়ে পিন্টুসহ কয়েকজন গিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। নগদ ৫ লাখ টাকা দিতে বলা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা অফিসে ভাঙচুর চালান এবং সমিতির সদস্য বেলায়েত হোসেনকে মারধর করেন। এতে প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মোহাম্মদপুর থানায় পিন্টুর বিরুদ্ধে অন্তত আটটি মামলা রয়েছে। পুলিশের তালিকায় শীর্ষ চাঁদাবাজদের মধ্যে তার নামও রয়েছে।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত বছরের মে মাসে পিন্টুকে মোহাম্মদপুর থানা শ্রমিক দলের আহ্বায়ক পদ ও দলের সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়। দলটির পক্ষ থেকে পুলিশকে দেওয়া চিঠিতে তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকা-, চাঁদাবাজি ও দখলবাজিতে জড়িত থাকার অভিযোগ তুলে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছিল।

সর্বশেষ সর্বাধিক পঠিত