দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৪ জন এবং হাম শনাক্ত হয়েছে ৬৩ জনের। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মারা গেছে ৯৮৩ শিশু। এর মধ্যে হামে মৃত্যু হয়েছে ৯৯ শিশুর। বাকি ৮৮৪ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গে। গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ২ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে ১ লাখ ৬০ হাজার ১৮৪ জন। হাম শনাক্ত হয়েছে ১৯ হাজার ৪৪৭ জনের। হাসপাতালে ভর্তি হন ১ লাখ ৪০ হাজার ৪৭২ জন। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৪১৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চার শিশুর মধ্যে ঢাকায় তিনজন ও একজন ময়মনসিংহে। একই সময়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩৭৪ জন হাম উপসর্গের রোগী পাওয়া গেছে। হাম শনাক্ত হয়েছে ৬৩ জনের।