তথ্য প্রতিমন্ত্রী বললেন

বিএনপি কোনো বট বাহিনী চালায় না

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ এএম

তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, বিএনপি কোনো বট বাহিনী পরিচালনা করে না। এ কারণে বিএনপির বিরুদ্ধে বট ব্যবহারের তথ্য তুলনামূলকভাবে কম। অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য ঠেকাতে স্বয়ংক্রিয়ভাবে ফ্যাক্ট চেকিংয়ের জন্য একটি প্রকল্প নেওয়া হয়েছে। অচিরেই এ বিষয়ে সংসদকে অবহিত করা হবে। গতকাল বুধবার বিকেলে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে শেরপুর-১ আসনের সংসদ সদস্য মো. রাশেদুল ইসলাম রাশেদের সম্পূরক প্রশ্নোত্তরে তিনি এসব কথা বলেন।

এর আগে বিদ্যমান প্রেস কাউন্সিলের কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, বিদ্যমান প্রেস কাউন্সিলের নিয়মানুযায়ী প্রিন্ট মিডিয়ায় ছাপানো অপতথ্য বা বিভ্রান্তিমূলক নিউজের বিরুদ্ধে কেবল অভিযোগ করা যায়। সেই সুযোগকে কাজে লাগিয়ে প্রিন্ট মিডিয়া যারা চালায়, তারা অনলাইন মিডিয়ার দিকে আক্রমণ করে বিভিন্ন ধরনের অপতথ্য ছড়ালেও সেগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায় না। তিনি প্রশ্ন রাখেন এই বিদ্যমান প্রেস কাউন্সিল যেটি রয়েছে, সেটিকে যুগোপযোগী করা হবে কি না?

জবাবে তথ্য প্রতিমন্ত্রী বলেন, আমরা বিস্তারিত বলতে গেলে একটি নোটিসের প্রয়োজন। শুধু বিরোধীদলীয় সদস্যদের আক্রমণ করা হচ্ছে তা কিন্তু নয়। বাংলাদেশের মা-বোনদেরও আক্রমণ করা হচ্ছে। আক্রমণ করা হচ্ছে বিভিন্ন সরকারি দলের সদস্য এবং প্রধানমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পরিবারকে। এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। সুন্দরভাবে প্রেস কাউন্সিল গঠন করা হবে এবং যেই অনলাইনের কথা এসেছে, সেটিও বিবেচনার মধ্যে আছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত