পে-স্কেল ঘোষণার দিনেই বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) বেতন গ্রেড অবনমনের ঘটনা ঘটেছে। বিএডিসির কর্মকর্তা-কর্মচারীদের বেতন গ্রেড অবনমনসহ জারি করা গেজেট বাতিলের দাবিতে মানববন্ধন ও কর্মবিরতি পালিত হয়েছে।
গত মঙ্গলবার রাজধানীর দিলকুশায় বিএডিসির প্রধান কার্যালয়সহ বিভিন্ন কার্যালয়ে অর্ধদিবস কর্মবিরতিসহ অবস্থান কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে নির্ধারিত সময়ের মধ্যে পরিপত্র বাতিল করে যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত অন্যান্য কর্মসূচি পালনসহ সব কার্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’-এর মতো কর্মসূচি বাস্তবায়নের কথা জানানো হয়েছে। কর্মকর্তা-কর্মচারীরা প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট মহলের হস্তক্ষেপ কামনা করছেন।
প্রতিষ্ঠালগ্ন থেকে কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্ধারিত প্রাপ্ত বেতন গ্রেড অবনমনসহ নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে বিভিন্ন অপ্রাসঙ্গিক ও অগ্রহণযোগ্য শর্ত জুড়ে গত ৩১ আগস্ট অর্থ মন্ত্রণালয় একটি পরিপত্র জারি করে। ওই পরিপত্রে ৯১টি ক্যাটাগরির ৪ হাজার ৬৯৯টি পদের বেতন গ্রেড ও আনুষঙ্গিক বিষয়াবলি নির্ধারণে স্বেচ্ছাচারিতার বহিঃপ্রকাশ ঘটে। পরিপত্রটি জারি হওয়ার পরই তীব্র অসন্তোষ ও ক্ষোভ বিরাজ করছে।
বিএডিসির অনুমোদিত মোট জনবল ছয় হাজার ৮০০ জন, এর মধ্যে বর্তমানে কর্মরত আছেন প্রায় দুই হাজার ৭০০ জন। এই অপ্রতুল জনবল দিয়ে সরকারের সুনির্ধারিত কর্মপরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়নে বিএডিসির কর্মকর্তা-কর্মচারীরা আন্তরিকতা ও কর্মনিষ্ঠার পরিচয় দিলেও এর পুরস্কার হিসেবে বিএডিসির কপালে জুটল বেতন গ্রেড অবনমনের মতো মর্যাদা হানিকর শাস্তি।
প্রসঙ্গত ১৯৭৬ সালে বিএডিসি হিসেবে আখ্যায়িত প্রতিষ্ঠানটি দেশে সবুজ বিপ্লব ঘটাতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছে। দেশের সংবিধানের ২৯ (১) ধারা, বিএডিসি আইন ২০১৮, ১৯৯০ সালের অনুমোদিত প্রবিধান মালা এবং ১৯৯৯ সালের গেজেটের ব্যত্যয় ঘটিয়ে স্কেল অবনমনসহ অন্যান্য বিষয়ে অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত অফিস আদেশ বাতিলের দাবিতে যৌক্তিক আন্দোলনের সর্বাত্মক ঘোষণা দিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা।
উল্লেখ্য, অর্থ মন্ত্রণালয়ের আদেশে নতুন নিয়োগযোগ্যতা ও অভিজ্ঞতার শর্ত মেনে বিএডিসিকে নিয়োগবিধি সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে। বিধিমালা চূড়ান্ত করার আগে অর্থ বিভাগের মতামত ও সম্মতি এবং প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির অনুমোদন নিতে হবে। আউট সোর্সিংয়ের ক্ষেত্রে ২০২৩ সালের নীতিমালা অনুসরণ করতে হবে। একই সঙ্গে ১৪ জানুয়ারি জারি করা আগের আদেশটি বাতিল করা হয়েছে। তবে নতুন আদেশে বিএডিসির প্রায় সব কর্মকর্তা-কর্মচারীর বেতন গ্রেড এক ধাপ কমানো হয়েছে। বিজ্ঞপ্তি