ভাতিজাকে হত্যার পর জামিনে বেরিয়ে ফের হুমকি

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ এএম

মুন্সীগঞ্জের সিরাজদিখানে জমিজমা নিয়ে বিরোধের জেরে আপন বড় ভাইয়ের পা কেটে পঙ্গু করে দেন সিদ্দিক মোল্লা। এ ঘটনায় মামলা হলেও আসামিরা গ্রেপ্তার হননি। ফলে এক বছর পর একই বিরোধের জেরে আরেক ভাইয়ের ছেলে প্রবাসী ইলিয়াস মোল্লাকে কুপিয়ে হত্যা করেন সিদ্দিক মোল্লা ও তার পরিবারের লোকজন। এ ঘটনায় গ্রেপ্তার চার আসামির মধ্যে একজন জামিনে বেরিয়ে এসে নিহতের পরিবারকে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে।

গতকাল বুধবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন নিহত ইলিয়াস মোল্লার স্ত্রী লিপি বেগম। এ সময় পরিবারের অন্য সদস্যদের পাশাপাশি হামলায় পঙ্গু হওয়া ইসহাক মোল্লাও উপস্থিত ছিলেন। লিপি বেগম বলেন, সিরাজদিখানের কোলা ইউনিয়নের পূর্ব কোলাগ্রামের বাসিন্দা সিদ্দিক মোল্লা জুলাই আন্দোলন-সংক্রান্ত এক মামলায় কারাগারে ছিলেন। জামিনে বেরিয়ে জমিজমা বিরোধের জেরে ২০২৫ সালের ৮ মার্চ সিদ্দিক মোল্লা ও তার পরিবারের সদস্যরা কুপিয়ে ইসহাক মোল্লার ডান পা বিচ্ছিন্ন করে ফেলে। ওই ঘটনায় মামলা করলেও আসামিদের কাউকে গ্রেপ্তার করা হয়নি। এমনকি পুলিশ অর্থের বিনিময়ে মামলার অভিযোগপত্র থেকে মূল আসামিদের নাম বাদ দেয়। ঘটনার প্রায় এক বছর পর গত ১৯ জুন একই বিরোধের জেরে ইলিয়াস মোল্লাকে হত্যা করে সিদ্দিক মোল্লাসহ অন্যরা।

সর্বশেষ সর্বাধিক পঠিত