উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক অর্থনীতি গড়তে ৩৮ ব্যাংকের চুক্তি

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ এএম

উত্তরবঙ্গে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গড়ে তুলতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ৩৮টি ব্যাংকের চুক্তি স্বাক্ষর হয়েছে। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র সাঈদা খানম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

এ তহবিলের আওতায় কৃষিপণ্য উৎপাদন থেকে শুরু করে সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, পরিবহন, বাজারজাতকরণ ও রপ্তানি পর্যন্ত সমন্বিত কৃষিমূল্য শৃঙ্খল গড়ে তুলতে স্বল্প সুদে ঋণ দেবে অংশগ্রহণকারী ব্যাংকগুলো।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, গ্রাহক পর্যায়ে এ তহবিলের ঋণ বা বিনিয়োগের সর্বোচ্চ সুদ বা মুনাফার হার হবে ৭ শতাংশ। তহবিলটির মেয়াদ সার্কুলার জারির তারিখ থেকে তিন বছর। তবে এ কার্যক্রম শুধু উত্তরবঙ্গের রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলার মধ্যে সীমাবদ্ধ থাকবে।

তহবিলের আওতায় একজন গ্রাহক কৃষি উৎপাদন খাতে সর্বোচ্চ ৩০ লাখ টাকা ঋণ পাবেন। কৃষিপণ্য সংরক্ষণ, পরিবহন, বাজারজাতকরণ ও অবকাঠামো খাতে সর্বোচ্চ ৪০ কোটি টাকা, কৃষিজাত বা কৃষিভিত্তিক পণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে সর্বোচ্চ ৪০ কোটি টাকা এবং কৃষিপণ্য ও কৃষিভিত্তিক পণ্য রপ্তানিতে সর্বোচ্চ ১৫ কোটি টাকা ঋণ বা বিনিয়োগ সুবিধা দেওয়া হবে।

বাংলাদেশ ব্যাংক বলছে, উত্তরবঙ্গে পর্যাপ্ত হিমাগার, আধুনিক সংরক্ষণাগার, প্রক্রিয়াজাতকরণ শিল্প ও কার্যকর পরিবহন ব্যবস্থা না থাকায় উৎপাদিত কৃষিপণ্যের একটি অংশ নষ্ট হয় কিংবা কৃষককে কম দামে বিক্রি করতে হয়। নতুন তহবিলের মাধ্যমে আধুনিক ও পরিবেশবান্ধব হিমাগার, বীজ সংরক্ষণাগার, গুদাম, খাদ্যশস্য সংরক্ষণাগার, কোল্ড চেইন লজিস্টিকস, কৃষিভিত্তিক শিল্প ও রপ্তানিমুখী কার্যক্রমে অর্থায়নের সুযোগ তৈরি হবে। এর ফলে কৃষিপণ্যে মূল্য সংযোজন, কৃষিভিত্তিক শিল্পের বিকাশ, গ্রামীণ কর্মসংস্থান ও আয় বৃদ্ধি এবং কৃষিপণ্যের রপ্তানি সক্ষমতা বাড়বে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকগুলোর সঙ্গে এ চুক্তি স্বাক্ষর হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ।

সর্বশেষ সর্বাধিক পঠিত