বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে পাঁচ টাকা বাড়ানো হয়েছে। এতে করে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল এখন থেকে ২০৪ টাকায় বিক্রি হবে, যা আগে ছিল ১৯৯ টাকা। গতকাল বুধবার সংবাদ সম্মেলন করে বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান নতুন দর সমন্বয়ের তথ্য তুলে ধরেন।
জানা গেছে, গতকাল বুধবার দুপুরে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের কক্ষে সয়াবিন তেলের ব্যবসায়ীদের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক হয়। এই বৈঠকে ব্যবসায়ীরা খোলা ও বোতলজাত সয়াবিন এবং পাম তেলের দাম বাড়ানোর বিষয়ে আলোচনা করেন। তবে বাণিজ্যমন্ত্রী শুধু বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানোর অনুমতি প্রদান করেন। বৈঠকে বাণিজ্য সচিব আতাউর রহমান খান, ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নাসির-উদ-দৌলা, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল, টিকে গ্রুপের পরিচালক মোহাম্মদ মোস্তফা হায়দারসহ অন্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভা শেষে এক জরুরি ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব আতাউর রহমান খান। তিনি জানান, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি ও আমদানি ব্যয় বিবেচনায় তেলের দাম সমন্বয় করেছে সরকার। তবে খোলা সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানো হয়নি।
তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি এবং পরিবহন ব্যয় বাড়ার কারণে আমদানিকারকরা দাম সমন্বয়ের আবেদন জানিয়েছিল। বাজার পরিস্থিতি বিবেচনায় সরকার সীমিত পরিসরে দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে।
আতাউর রহমান খান বলেন, ব্যবসায়ীদের পক্ষ থেকে আরও বেশি মূল্য বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছিল। অন্যদিকে ট্যারিফ কমিশনও লিটারে ১০ টাকা দাম বাড়ানোর সুপারিশ করেছিল। তবে ভোক্তা স্বার্থ ও সামগ্রিক বাজার পরিস্থিতি বিবেচনায় সরকার তুলনামূলক কম হারে দাম সমন্বয় করেছে।
রমজানের আগে আরও দাম বাড়তে পারে কি না জানতে চাইলে বাণিজ্য সচিব জানান, তা নির্ভর করবে সে সময়ের আন্তর্জাতিক বাজার পরিস্থিতি, আমদানি ব্যয় ও সামগ্রিক সরবরাহব্যবস্থার ওপর। এ ছাড়া সম্প্রতি নতুন বেতন কাঠামো অনুমোদন ও চিনির দাম বাড়ার পর ভোজ্যতেলের মূল্য পরিবর্তনের ফলে মূল্যস্ফীতিতে কোনো প্রভাব পড়বে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এ পর্যন্ত সরকার মূল্যস্ফীতি বৃদ্ধির কোনো কারণ দেখছে না। সার্বিক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করছে।’
জানা গেছে, আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম যদি আরও বৃদ্ধি পায় তাহলে মূল্য সমন্বয়ের বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় ১৫ দিন পর আবারও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করতে পারে। এর আগে গত ২৯ এপ্রিল সয়াবিন তেলের দাম লিটারে চার টাকা বাড়িয়ে ১৯৯ টাকা করা হয়। তখন সয়াবিন তেলের ৫ লিটারের বোতলের দাম নির্ধারণ করা হয় ৯৭৫ টাকা। একই সঙ্গে খোলা সয়াবিন তেল লিটারে ৪ টাকা বাড়িয়ে ১৮০ টাকা করে সরকার। পাম তেল ছিল আগের দরেই।