এনসিএলে নতুন চ্যালেঞ্জ রাজ্জাকের

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ এএম

দেশের ঘরোয়া ক্রিকেটে নতুন মৌসুমের প্রস্তুতি শুরু হয়ে গেছে। আগামী ৩ অক্টোবর মাঠে গড়াবে ২০২৬-২৭ মৌসুমের জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চার দিনের ম্যাচ। লাল বলের এ প্রতিযোগিতাকে সামনে রেখে আট বিভাগের কোচিং প্যানেল চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারের এনসিএলে কোচিং স্টাফে জায়গা পেয়েছেন সাবেক ক্রিকেটার ও অভিজ্ঞ কোচরা। এ তালিকায় সবচেয়ে বড় চমক আব্দুর রাজ্জাক। প্রথমবারের মতো জাতীয় ক্রিকেট লিগে প্রধান কোচের দায়িত্ব পালন করবেন জাতীয় দলের সাবেক এ স্পিনার। রাজশাহী বিভাগের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি। তার সহকারী হিসেবে থাকবেন মোহাম্মদ রফিকুল ইসলাম।

খুলনা বিভাগের প্রধান কোচ করা হয়েছে সাবেক ক্রিকেটার তুষার ইমরানকে। তার সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন রাইহান উদ্দিন। ঢাকা বিভাগের দায়িত্ব পেয়েছেন মিজানুর রহমান বাবুল। তার সঙ্গে সহকারী কোচ হিসেবে থাকবেন রায়হান গাফফার সাইমন। বরিশাল বিভাগের প্রধান কোচ আব্দুল করিম জুয়েল। সহকারী কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহীন হোসেন। ময়মনসিংহ বিভাগের প্রধান কোচ সাইফুল ইসলাম খান, এ বিভাগের সহকারী কোচ জাহাঙ্গীর আলম।

রংপুর বিভাগের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন নাজমুল হোসেন। তার সহকারী সালাউদ্দিন পাপ্পু। সিলেট বিভাগের কোচিংয়ের দায়িত্বে থাকছেন সাবেক অধিনায়ক রাজিন সালেহ। এ বিভাগের সহকারী কোচ ইমরান আলী। চট্টগ্রাম বিভাগের প্রধান কোচ করা হয়েছে মোহাম্মদ নাজিমউদ্দিনকে। তার সহকারী হিসেবে থাকছেন জাতীয় দলের সাবেক পেসার তারেক আজিজ খান।

সর্বশেষ সর্বাধিক পঠিত