ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রিয় নবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি ও আপত্তিকর পোস্ট করার অভিযোগে আসাদুজ্জামান ওয়াসিমের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের কর্নেল বাজারে সর্বস্তরের নবীপ্রেমী মুসলমানদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ কর্নেল বাজার মাদ্রাসা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মসজিদ মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশ।
সমাবেশে বক্তারা প্রিয় নবীজিকে (সা.) নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি ও আপত্তিকর বক্তব্য বা পোস্টের তীব্র নিন্দা জানান। একই সঙ্গে অভিযুক্ত আসাদুজ্জামান ওয়াসিমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা।
বক্তারা বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এ ধরনের ঘটনায় যথাযথ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।