জাতীয়তাবাদী যুবদলকে একটি সুশৃঙ্খল আখ্যায়িত করে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থেকে দেশবিরোধী যেকোন ষড়যন্ত্র মোকাবেলা করতে সবসময় প্রস্তুত। সাংগঠনিক প্রয়োজনে বিলুপ্ত চট্টগ্রাম মহানগর যুবদল কমিটি পুনর্বহাল করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে কাজীর দেউড়ি নাসিমন ভবনের চট্টগ্রাম মহানগর বিএনপি কার্যালয় মাঠে মহানগর যুবদল আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথি বক্তব্য তিনি এসব কথা বলেন।
মোনায়েম মুন্না বলেন, বাংলাদেশ ও দেশের বাইরে বিভিন্ন ইউনিট কমিটি মিলিয়ে সর্বমোট যুবদলের ৮২টি ইউনিট কমিটি বিদ্যামান। ঢাকার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিট হলো চট্টগ্রাম মহানগর যুবদল। হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তী সরকারের সময় একটি বিশেষ ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম মহানগর যুবদল কমিটি বিলুপ্ত করা হয়। বিলুপ্ত হওয়ার পরও সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদের নেতৃত্বে কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচি সুচারুরূপে পালন করে আসছে। সাংগঠনিক প্রয়োজনে বিলুপ্ত মহানগর যুবদল কমিটি গত ২৫ আগস্ট পুনর্বহাল করা হয়।
তিনি আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে মহানগর যুবদলের আওতাধীন ১৫ থানা ও ৪৩ সাংগঠনিক ওয়ার্ড যুবদলের কমিটি দেওয়া হবে। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবার আগে বাংলাদেশ হৃদয়ে ধারণ করে জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড জনগণের মাঝে তুলে ধরবেন।
মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া, মাহফুজুর রহমান মাহফুজ, ফেরদৌস আহমেদ মুন্না ও রাজশাহী মহানগর যুবদলের আহবায়ক শরিফুল ইসলাম জনি।
এ সময় আরও বক্তব্য দেন মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন, সহ-সভাপতি নুর আহমেদ গুড্ডু, এস এম শাহ আলম রব, শাহেদ আকবর, এম এ রাজ্জাক, ফজলুল হক সুমন, মোহাম্মদ ইলিয়াস, জাহাঙ্গীর আলম, আবদুল গফুর বাবুল, দিদারুল ফেরদৌস, মোহাম্মদ মুছা, মিয়া মো. হারুন, হায়দার আলী চৌধুরী, নাসির উদ্দিন চৌধুরী নাসিম, জসিমুল ইসলাম কিশোর, এডভোকেট ফিরোজ, মজিবুর রহমান, আবু সুফিয়ান প্রমুখ।