১১ দলীয় ঐক্যের লংমার্চ সফলের আহ্বান

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ পিএম

তেল, গ্যাস, বিদ্যুৎ ও সার সংকট নিরসনে সরকারের ব্যর্থতার প্রতিবাদ, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, আইনশৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি ও সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী শান্তিপূর্ণ লংমার্চ সফল করার জন্য ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

১১ দলীয় ঐক্যের শীর্ষনেতাগণ বলেন, নির্বাচনের আগে বিএনপি সংস্কারের জন্য গণভোটের গণরায় বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে তা বাস্তবায়মন না করে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। দেশে তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জনদুর্ভোগ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির কারণে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। প্রশাসনের সীমাহীন  দলীয়করণ ও অব্যবস্থাপনার কারণে রাষ্ট্রের প্রশাসনিক ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে।

দলের নেতারা বলেন, সংসদে বিরোধী দলের পক্ষ থেকে জনগণের এসব সমস্যা সমাধানের দাবি বারবার জানানো হলেও সরকার তা আমলে নেয়নি। বরং গায়েরজোরে জনগণের অধিকার ও মানবাধিকারের পরিপন্থী বিভিন্ন আইন ও সিদ্ধান্ত একতরফাভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে। সরকারের একগুয়েমির কারণে সংসদে সোচ্চার ভূমিকা রেখেও সমাধান না হওয়ায় বিরোধী দল রাজপথে আন্দোলনে যেতে বাধ্য হয়েছে।

ইতোমধ্যে বিভিন্ন কর্মসূচিতে জনগণের ব্যাপক সাড়া ও অংশগ্রহণ প্রমাণ করেছে যে এসব দাবি কেবল কোনো রাজনৈতিক দলের নয়; এগুলো জনগণের ন্যায্য দাবি।

নেতৃবৃন্দ জানান, এই কর্মসূচির অংশ হিসেবে ৫ সেপ্টেম্বর শনিবার ঢাকার শাপলা চত্বরে সকাল ৭টায় অনুষ্ঠিতব্য জনসভা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চ শুরু হবে। পথে বিভিন্ন স্থানে পথসভা ও জনগণের পক্ষ থেকে সংবর্ধনা ও অভিবাদন কর্মসূচি অনুষ্ঠিত হবে। কর্মসূচির শেষ পর্যায়ে চট্টগ্রামের লালদীঘি ময়দানে বিশাল সমাবেশের মাধ্যমে লংমার্চ কর্মসূচি সমাপ্ত হবে ইনশাআল্লাহ। 

লংমার্চ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি, এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চীপ হুইপ নাহিদ ইসলাম এমপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির মাওলানা আবদুল কাইয়ুম সুবহানী, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম চান এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর আবু জাফর কাসেমীসহ শীর্ষ নেতৃবৃন্দ নেতৃত্ব দেবেন।  

লংমার্চে বিপুলসংখ্যক যানবাহন ও সাধারণ মানুষের অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে। পথসভাগুলোতেও ব্যাপক জনসমাগম হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বলেন, এটি কোনো দলের একক দাবি নয়; জনগণের অধিকার, নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাপনের দাবিতেই এই লংমার্চ। শীর্ষ নেতৃবৃন্দ কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সফল করতে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে সরকারকে কর্মসূচিতে সহযোগিতা কামনা করেন এবং কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তা জনগণকে প্রতিহত করার আহ্বান জানানো হয়। 

দলের নেতাকর্মীদেরও ধৈর্য, সাহস ও শৃঙ্খলার সঙ্গে শান্তিপূর্ণভাবে কর্মসূচিতে অংশ নিয়ে চট্টগ্রাম অভিমুখী লংমার্চ সফল করার জন্য সর্বাত্মকভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত