প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ বক্তব্য ও লেখালেখির অভিযোগে গাজীপুরে সিফাত আব্দুল্লাহ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর গাছা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিফাত আব্দুল্লাহ বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বিভিন্ন কুরুচিপূর্ণ বক্তব্য ও মন্তব্য করে আসছিলেন। বিষয়টি স্থানীয় বিএনপির নেতাকর্মীদের নজরে এলে তারা গাছা থানা পুলিশকে অবহিত করেন।
এরপর বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে সিফাত আব্দুল্লাহকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
গাছা থানার ওসি গোলাম রব্বানী বলেন, প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে সিফাত আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। রাত ৯টার দিকে তাকে থানায় আনা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।