জিয়াউর রহমান ক্ষমতার মুখাপেক্ষী ছিলেন না: মঈন খান

১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লবের পর জিয়াউর রহমান বাংলাদেশ পুনর্গঠনের দায়িত্ব নেন এবং তাঁর নীতি-আদর্শের ওপর ভিত্তি করেই ৪৮ বছর ধরে বিএনপি মানুষের আস্থা ধরে রেখেছে।

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ এএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের স্বৈরাচার ও অনাচারে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল। সেই পরিস্থিতিতে ১৯৭৫ সালের ৭ নভেম্বরের বিপ্লবের মাধ্যমে দেশের মানুষ ও সেনাবাহিনী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বাংলাদেশ গড়ে তোলার দায়িত্ব দিয়েছিল।

শুক্রবার (৪ নভেম্বর) বিকেলে নরসিংদী শহরের সাহেপ্রতাব এলাকার তাঁত বোর্ড ইনস্টিটিউটের অডিটরিয়ামে জেলা বিএনপি আয়োজিত দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মঈন খান বলেন, মুক্তিযুদ্ধের পর বিজয়ীর বেশে দেশে ফেরার পর দেশের মানুষ জিয়াউর রহমানকে মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব ‘বীর উত্তম’ উপাধিতে ভূষিত করেছিল। তিনি প্রায় তিন থেকে সাড়ে তিন বছর ক্ষমতায় ছিলেন। এই সময়ের মধ্যেই দেশের চিত্র পরিবর্তন করে স্বাধীন বাংলাদেশের গৌরব পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষকে জাতীয়তাবাদের বার্তা দিতে জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছিলেন। ৪৮ বছর পরও বিএনপি জিয়াউর রহমানের আদর্শ ধরে রাখতে সক্ষম হয়েছে দাবি করে তিনি বলেন, এ কারণেই দীর্ঘ সময় পরও দেশের মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে। এর প্রতিফলন হিসেবে জেলার পাঁচটি আসনই গণতান্ত্রিকভাবে নির্বাচনের মাধ্যমে বিএনপিকে দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব প্রসঙ্গে মঈন খান বলেন, দেশের বৃহত্তর জনগোষ্ঠী গ্রামে বসবাস করে। তাদের উন্নয়ন নিশ্চিত করাও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব। সিটি করপোরেশন, জেলা ও উপজেলা থেকে শুরু করে ইউনিয়ন পর্যায় পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দায়িত্ব সঠিকভাবে পালন করতে চান তারা। এ জন্য বিএনপির নেতাকর্মী ও স্থানীয় জনগণের সহযোগিতা প্রয়োজন।

সভায় সভাপতিত্ব করেন বিএনপির যুগ্ম মহাসচিব, নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত মহিলা সংসদ সদস্য শিরিন সুলতানা, রায়পুরা আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল এবং জেলা পরিষদের প্রশাসক তোফাজ্জল হোসেন।

আলোচনা সভাটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও শিবপুরের সংসদ সদস্য মনজুর এলাহী।

সর্বশেষ সর্বাধিক পঠিত