স্থানীয় সরকারমন্ত্রী বললেন

বিএনপি ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ এএম

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। গতকাল শুক্রবার নরসিংদীর তাঁত বোর্ড ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ ধর্ম-বর্ণ-জাতি নির্বিশেষে দেশের সব মানুষের অধিকার ও মর্যাদার কথা বলে। এই আদর্শকে ধারণ করেই বিএনপি দীর্ঘ ৪৮ বছর ধরে রাজনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের অর্থনীতিতে উৎপাদন ও উন্নয়নের রাজনীতির সূচনা করেছিলেন। তার সময় অর্থনীতিকে উন্মুক্ত করার পাশাপাশি তৈরি পোশাকশিল্প ও বৈদেশিক কর্মসংস্থানের বিকাশে গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়। আজকের বাংলাদেশের অর্থনীতির অন্যতম ভিত্তি এসব খাত।

স্থানীয় সরকারমন্ত্রী আরও বলেন, নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করার ক্ষেত্রেও জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও নরসিংদীর সন্তান মরহুম আবদুল মোমেন খানের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, বিএনপির প্রাথমিক সাংগঠনিক ভিত্তি গড়ে তুলতে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন। তার নেতৃত্বে নরসিংদীতেও বিএনপির সাংগঠনিক কার্যক্রম বিস্তার লাভ করে।

নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন আসন থেকে নির্বাচিত সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত