গাজীপুরের শ্রীপুরে এক মৎস্যখামারির পুকুরে রাতের আঁধারে বিষাক্ত গ্যাসের ট্যাবলেট ছিটিয়ে অন্তত ১২ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার সকালে উপজেলার মাওনা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সিংগারদিঘি গ্রামের জগদীশ মোড় এলাকায় এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
খামারের মালিক মাওনা ইউনিয়নের মেডিকেল মোড় এলাকার বাহারাম বাদশা। তিনি দুই বছর ধরে অন্যের পুকুর লিজ নিয়ে মাছচাষ করছেন।
স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার সকালে পুকুরে মাছ ভাসতে দেখে মালিক বাহারাম বাদশাকে খবর দেওয়া হয়। সকালে অল্প মাছ মরে ভাসছিল। এরপর দুপুর হতে হতে পুকুরের ৮০ শতাংশ মাছ মরে ভেসে ওঠে। সন্ধ্যায় বাকি সব মাছ মরে যায়।
ক্ষতিগ্রস্ত মৎস্যখামারি বাহারাম বাদশা জানান, দুই বিঘার এ পুকুরে সাড়ে ১৩ হাজার পাঙাশ মাছের পোনা ছেড়েছেন তিনি। উন্নতমানের খাবারও দিচ্ছিলেন। ফলে মাছগুলো দ্রুত বড় হচ্ছিল। কিন্তু পুকুরের সব মাছ বিষাক্ত গ্যাস ট্যাবলেট ছিটিয়ে মেরে ফেলা হয়েছে।
মাওনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মতিউর রহমান বলেন, ‘মাছ মারা যাওয়ার বিষয়টা শুনেছি। তার অনেক বড় ক্ষতি হয়ে গেল। দুর্বৃত্তদের খুঁজে বের করার পাশাপাশি শাস্তি দাবি করছি।’
এ ব্যাপারে জানতে চাইলে শ্রীপুর উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান বলেন, ‘বিষপ্রয়োগে মাছ মারা যাওয়ার এমন খবর আমরা পাইনি। আসলে কী ঘটেছে তা নিশ্চিত না হয়ে বলা যাবে না। আমরা বিষয়টি খোঁজ নিয়ে দেখব।’