কাপ্তাই হ্রদে পানি কমে দৃশ্যমান ঝুলন্ত সেতু

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ এএম

কাপ্তাই হ্রদের পানি কমতে থাকায় ছয় দিন পর রাঙ্গামাটির পর্যটনের আইকন ঝুলন্ত সেতু থেকে পানি সরে সেতু দৃশ্যমান হয়েছে। গতকাল শুক্রবার সকালে সেতুটির পাটাতন থেকে পানি নেমে পুরোপুরি দৃশ্যমান হয়। তবে এখনো পানি পাটাতন ছুঁয়ে থাকায় এবং উজান থেকে পাহাড়ি ঢল অব্যাহত থাকায় কর্তৃপক্ষ পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা বলবৎ রেখেছে। গত শনিবার সেতুটি হ্রদের পানিতে ডুবে যায়।

পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, পানি সেতু থেকে নেমে গেলেও এখনো পাটাতন ছুঁয়ে আছে। উজান থেকে এখনো পাহাড়ি ঢল নামছে, পানি আরও একটু কমে গেলে তখনই আমরা কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে পর্যটকদের জন্য সেতু উন্মুক্ত করে দেব। এখন সেতুতে ঘষামাজার কাজ চলছে।

কাপ্তাই হ্রদে পানির স্তর কমতে থাকায় কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট আরও এক ফুট কমিয়ে বর্তমানে এক ফুট উচ্চতায় খোলা রাখা হয়েছে। এতে প্রতি সেকেন্ডে ১৮ হাজার কিউবিক পানি কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হচ্ছে। এছাড়া কর্ণফুলী বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে পাঁচটি ইউনিট চালু রেখে আরও ৩২ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নির্গত হচ্ছে।

কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, উজান থেকে পাহাড়ি ঢল অব্যাহত রয়েছে। তবে হ্রদে পানি ধীরে ধীরে কমতে থাকায় বাঁধের গেট আরও এক ফুট কমিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে জলকপাট এক ফুট খোলা রয়েছে। সকাল ১১টায় হ্রদের পানির স্তর ১০৫ দশমিক ৩৪ ফুট এমএসএল। কাপ্তাই হ্রদে সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। পানি আরও কমে এলে গেট বন্ধ করে দেওয়া হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত