রাজধানীর ডেমরায় মাদক সেবন নিয়ে দ্বন্দ্বে ইট দিয়ে থেঁতলে দেলোয়ার হোসেন নামে এক অটোরিকশা চালককে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত রনিকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। গতকাল শুক্রবার ভোরে ডেমরা কামারগোপ ৪ নম্বর গেট মসজিদের পেছনে এ ঘটনা ঘটে।
ডেমরা থানার উপপরিদর্শক শীতল কুমার জানান, দেলোয়ার ব্যাটারিচালিত রিকশা চালাতেন। ভোরে কামারগোপ এলাকায় পূর্বপরিচিত রনির সঙ্গে মাদক সেবন নিয়ে তার দ্বন্দ্ব সৃষ্টি হয়। একপর্যায়ে রনি ইট দিয়ে দেলোয়ারের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যান দেলোয়ার। পরে স্থানীয়রা রনিকে ধরে গণধোলাই দেয়। পুলিশ রনিকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করে। তার অবস্থাও আশঙ্কাজনক।