বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগে প্রধানমন্ত্রীকে গালগালা করায় গ্রেপ্তার সেই সিফাত আব্দুল্লাহর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের পর তাকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের বাসা থেকে তাকে আটক করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানা পুলিশ। পরে রাত ৯টার দিকে তাকে থানায় নিয়ে আসা হয়। সিফাত আব্দুল্লাহ রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিফাত আব্দুল্লাহ বেশ কিছুদিন ধরে সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী ও সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে বিভিন্ন কুরুচিপূর্ণ বক্তব্য ও লেখালেখি করে আসছিলেন। সর্বশেষ বৃহস্পতিবার তিনি ১ মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে প্রকাশ করেন। ওই ভিডিওতে সরকারের সংশ্লিষ্টদের উদ্দেশে গালাগাল করতে দেখা যায় তাকে। পরে ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ সিফাত আব্দুল্লাহকে আটক করে।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী বলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির অভিযোগে সিফাত আব্দুল্লাহকে আটক করা হয়। পরে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। প্রয়োজন হলে তার রিমান্ড চাওয়া হতে পারে।