মেয়েদের সেভেন আপ

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ এএম

আগের দিন একই প্রতিযোগিতায় ছেলেরা চীনের কাছে হারলেও গতকাল মেয়েরা জয় পেয়েছেন। শুধু জয় বললে কমই বলা হবে, রীতিমতো দাপটই দেখিয়েছেন তারা। মেয়েদের হকি জুনিয়র এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে চায়নিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দল।

চীনের মোকি ট্রেনিং গ্রাউন্ডে চায়নিজ তাইপেকে দাঁড়াতেই দেননি বাংলাদেশের মেয়েরা। প্রথম কোয়ার্টারে জালের দেখা না পেলেও শেষ তিন কোয়ার্টারে গুনে গুনে সাত গোল দেন। বাংলাদেশের হয়ে দুটি করে গোল করেছেন সারিকা রিমন, আইরিন আক্তার, নাদিরা এমা। অন্য গোলটি কনা আক্তারের।

ম্যাচের ২০ মিনিটে কনার ফিল্ড গোলে এগিয়ে যায় বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারে আক্রমণের পসরা সাজিয়ে আরও চার গোল আদায় করে নেন মেয়েরা। এমা ও আইরিন দুটি করে ফিল্ড গোল করেন। চতুর্থ কোয়ার্টারে চায়নিজ তাইপের রক্ষণে প্রথম হানা সারিকার।

৫১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশকে ষষ্ঠ গোলটি এনে দেন। এর ছয় মিনিট পর আরেকটি পেনাল্টি কর্নার থেকে নিজের জোড়া গোলের সঙ্গে দলের সপ্তম গোলও পূর্ণ করেন সারিকা।

আজ পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। এ নিয়ে দ্বিতীয়বারের মতো জুনিয়র এশিয়া কাপে খেলছে বাংলাদেশ। এর আগে ২০২৪ আসরে নবম হয়। মেয়েদের জুনিয়র এশিয়া কাপে বর্তমান চ্যাম্পিয়ন ভারত।

দশ দলের এবারের টুর্নামেন্টে চ্যালেঞ্জার পুলে বাংলাদেশ ছাড়াও আছে কাজাখস্তান, পাকিস্তান, চায়নিজ তাইপে ও হংকং। এলিট পুলে আছে স্বাগতিক চীনের সঙ্গে জাপান, ভারত, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া। কোয়ার্টার ফাইনালে উঠবে চ্যালেঞ্জার পুলের শীর্ষ তিন দল এবং এলিট পুলের পাঁচ দল। আর চ্যালেঞ্জার পুলের চতুর্থ ও পঞ্চম হওয়া দল নবম-দশম স্থাননির্ধারণী ম্যাচ খেলবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত