ফ্যাসিস্টরা নানা পাঁয়তারা করছে, বট বাহিনী অপতথ্য ছড়াচ্ছে: এমপি মাজেদ

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ পিএম
ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেছেন, আমাদের বিপক্ষে ফ্যাসিস্ট ও স্বৈরাচারী সরকারের লোকজন এখনো জাগ্রত আছে। তারা বিভিন্ন অপতথ্য ও অপপ্রচারের মাধ্যমে বিএনপিকে জনবিচ্ছিন্ন করার নানা ধরনের পাঁয়তারা করছে। তাই জাতীয়তাবাদী শক্তিকে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
 
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ঈশ্বরগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
এর আগে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের সামনে থেকে বিশাল শোভাযাত্রা বের করা হয়। ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত শোভাযাত্রাটি ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
ঈশ্বরগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক মো. সাইদুল হকের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্যসচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি ও পৌর বিএনপির সদস্যসচিব মো. নূরে আলম জিকুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু।
 
লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, ‘শুধু স্বৈরাচারী শক্তিই নয়, একটি বট বাহিনীও সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এসব অপপ্রচারে কান না দিয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’
 
তিনি বলেন, ‘দেশের স্থিতিশীলতা নষ্ট করতে একটি মহল পরিকল্পিতভাবে বিভিন্ন ধরনের গুজব ও মিথ্যা তথ্য ছড়াচ্ছে। জনগণকে বিভ্রান্ত করার কোনো অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না। সত্য তথ্য যাচাই করে জনগণের সামনে তুলে ধরতে হবে।’
 
তিনি আরও বলেন, 'আমরা শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আদর্শ লালন করি। আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের আদর্শ লালন করে সকল গুজব ও অপশক্তিকে প্রতিহত করতে হবে। সত্য তথ্য যাচাই করে জনগণের সামনে তুলে ধরতে হবে। একই সঙ্গে অপতথ্য ও গুজবের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য প্রচারের আগে তা যাচাই করে দেখা এবং দেশের স্বার্থে সবাইকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান তিনি।'
 
অনুষ্ঠানে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ কে এম হারুন অর রশিদ,আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা,  মো. আহসান পারভেজ, অ্যাডভোকেট শাহজাহান সাজু, শাহজাহান জয়পুরী, শাহ মোফাজ্জল হোসেন টিপু, মো. নিজাম উদ্দিন, শরিফ আবেদীন জায়েদী উপস্থিত ছিলেন।
 
এ ছাড়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী টিপু, মেহেদী হাসান রুবেল, মো. জহিরুল ইসলাম সুজন, মো. হায়দার আলী, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ আহমেদ চকদার,সদস্য সচিব হারুন অর রশিদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক তারেক আফরুজ নওশাদ ও রিদওয়ান আহমেদ রিজনসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সর্বশেষ সর্বাধিক পঠিত