দুই দশকের পুরনো রেকর্ড ভেঙে ইতিহাস সুলিভানের

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ পিএম

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) এক গোলেই একাধিক রেকর্ডে নাম লেখালেন কাভান সুলিভান। বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই তরুণ তারকা ছাড়িয়ে গেলেন ফ্রেড্ডি আদুর দুই দশক আগের গড়া কীর্তিকে। মন্ট্রিয়লের বিপক্ষে দলের ২--০ গোলের জয়ে দুর্দান্ত এক গোল করে ১৬ বছর বয়সীদের মধ্যে এমএলএসের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোল অবদানের মালিক এখন এই তরুণ তুর্কি।

ম্যাচের ৭৫ মিনিটে বাঁ পায়ের নিখুঁত ফিনিশিংয়ে গোল করে ফিলাডেলফিয়ার জয় নিশ্চিত করেন ১৬ বছর বয়সী কাভান। এই গোলটির মাধ্যমে চলতি মৌসুমে তার মোট গোল অবদান দাঁড়াল ১১টিতে, যার মধ্যে রয়েছে ৪টি গোল এবং ৭টি অ্যাসিস্ট। এর মধ্য দিয়ে তিনি পেছনে ফেলে দিলেন ২০০৫ সালে আদুর গড়া ১০ গোলে অবদানের রেকর্ডটি।

শুধু তাই নয়, এমএলএসের ইতিহাসে প্রথম কোনো টিনেজার হিসেবে টানা পাঁচ ম্যাচে গোল বা অ্যাসিস্ট করার অবিশ্বাস্য রেকর্ডও নিজের নামের পাশে লিখেছেন চার ‘সুলিভান ব্রাদার্স’-এর এই সর্বকনিষ্ঠ সদস্য।

গোল করার পর এনবিএ তারকা লেব্রন জেমসের বিখ্যাত ‘চক টস’ উদযাপনে মেতে ওঠেন এই কিশোর। সবচেয়ে কম বয়সে টানা চার ম্যাচে গোলের রেকর্ডও সুলিভানেরই। 

বাংলাদেশি বংশোদ্ভূত এই তরুণ মিডফিল্ডারের রেকর্ড ভাঙার ঘটনা এখানেই শেষ নয়। এর আগে ১৪ বছর ২৯৩ দিন বয়সে এমএলএসের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে মাঠে নেমেও আদুর রেকর্ড ভেঙেছিলেন তিনি। চলতি মৌসুমসহ সব প্রতিযোগিতা মিলিয়ে দলটির হয়ে ২৭ ম্যাচে ৭ গোল ও ১১ অ্যাসিস্ট করেছেন সুলিভান।  

সর্বশেষ সর্বাধিক পঠিত