রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারি হাইকমিশনার মনোজ কুমার বলেছেন, আমরা সব সময় বাংলাদেশের মানুষের পাশে আছি। ভারত ও বাংলাদেশের মানুষের মধ্যে যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে সেটি আরও উন্নত করতে আমরা আমাদের সেরাটা দিয়ে যাব।
রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে হিলি সীমান্তের চেকপোস্ট গেট সংলগ্ন ডাকবাংলোয় হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে বন্দরের ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দুদেশের মধ্যে যে সম্পর্ক আছে, দুদেশের সরকারের মধ্যে যে সম্পর্ক আছে, জনগণের সঙ্গে জনগণের কন্টাক্ট আছে, দুদেশের নাগরিকদের মধ্যে যে পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক আছে, সেই সম্পর্ক আরও সুদৃঢ় করার জন্য দুদেশের আমদানি-রপ্তানিকারক ব্যবসায়িকদের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ।
দুদেশের আমদানিকারক ও রপ্তানিকারক ব্যবসায়ীরা খুব ভালো কাজ করছেন জানিয়ে মনোজ কুমার বলেন, আমাদের যে সম্পর্ক বিশেষ করে ব্যবসায়িক সম্পর্ক, অর্থনৈতিক ও বাণিজ্যিক সংযোগ আরও জোরদার করার জন্য আমি আপনাদের সবাইকে অভিনন্দন জানাতে চাই। আপনারা দুই দেশের মধ্যে সম্পর্ক সুদৃঢ় করতে দারুণ কাজ করছেন। ভবিষ্যতে আপনারা এটি অব্যাহত রাখবেন আমরা আপনাদের সব ধরনের সহায়তা দেব।
তিনি বলেন, বর্তমানে হিলি স্থলবন্দর দিয়ে ১২০ থেকে ১২২ ট্রাক পণ্য আমদানি হচ্ছে এই সংখ্যা আরও কিভাবে বাড়ানো যায় ১৫০ ট্রাক করা যায় কিনা দুদেশের আমদানিকারক ও রপ্তানিকারক ব্যবসায়ীরা সেই ইচ্ছা প্রকাশ করেছেন। এটি একটি ভালো চিন্তাভাবনা, এটি একটি ভালো অগ্রগতি যে উভয়পক্ষই বন্দর দিয়ে আমদানি রপ্তানি আরও বাড়ানোর চেষ্টা করছে। আশা করি খুব অল্প সময়ের মধ্যেই এটি অর্জিত হবে।
নিয়ত বা উদ্দেশ্য খুব পরিষ্কার ভালো, আর উদ্দেশ্য ভালো হলে ফলাফলও ভালো হবে বলে মন্তব্য করেন তিনি।
এসময় সেখানে হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক শাহিনুর ইসলামসহ আমদানিকারক ও রপ্তানিকারকরা উপস্থিত ছিলেন।