চট্টগ্রাম নগরীতে ডেঙ্গুর প্রকোপ মারাত্মক আকার ধারণ করায় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মশক নিয়ন্ত্রণকর্মীদের তিন দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে আন্তর্জাতিক চিকিৎসা ও মানবিক সংস্থা মেডিসিন্স সান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ)।
রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে নগরীর লালদিঘীতে অবস্থিত চট্টগ্রাম সিটি করপোরেশনের লাইব্রেরি ভবনের সম্মেলনকক্ষে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
আগামী মঙ্গলবার পর্যন্ত চলা এই প্রশিক্ষণে চসিকের ২৩৪ জন মশক ও ফগার কর্মী অংশ নিচ্ছেন। আন্তর্জাতিক সংস্থাটির দুইজন বিশেষজ্ঞ কীটতত্ত্ববিদ সরাসরি মাঠকর্মীদের প্রশিক্ষণ দিচ্ছেন। এছাড়া প্রশিক্ষণ কর্মশালায় মশার প্রজননস্থল শনাক্ত করা, লার্ভা ধ্বংসের কার্যকরী উপায় এবং নিরাপদে কীটনাশক ছিটানোর আধুনিক নিয়মকানুন হাতে-কলমে শেখানো হচ্ছে। একই সঙ্গে মাঠকর্মীদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে এমএসএফের পক্ষ থেকে বিশেষ সুরক্ষাপোশাক ও সরঞ্জাম (পিপিই) বিতরণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, আমরা এখন ডেঙ্গু নিয়ে বেশি কাজ করছি। মশক নিয়ন্ত্রণের কাজে নিয়োজিত কর্মীদের নিজেদের নিরাপত্তার বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমএসএফ চট্টগ্রাম সিটি করপোরেশনকে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম দিয়েছে। এসব সরঞ্জাম প্রশিক্ষণের পাশাপাশি কর্মীদের মধ্যে বিতরণ করা হবে।
তিনি বলেন, মশক নিয়ন্ত্রণ কর্মীদের দায়িত্ব শুধু নির্ধারিত এলাকায় স্প্রে করা নয়, এর সঙ্গে নগরবাসীর জীবন ও নিরাপত্তার বিষয়টি সরাসরি জড়িত। তাই দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা করা যাবে না।
অনুষ্ঠানে চসিকের ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা শরফুল ইসলাম মাহিসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪০৩ জনে। এর মধ্যে কেবল চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ছয় দিনেই আক্রান্ত হয়েছেন ৩৬৭ জন।