মুক্তির অগেই হিট ‘দ্য রিম্যারিড এমপ্রেস’!

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ পিএম

আসছে নভেম্বরে মুক্তি পাচ্ছে ডিজনি প্লাসের নতুন কোরিয়ান সিরিজ ‘দ্য রিম্যারিড এমপ্রেস’। কিন্তু তার আগে টিজারেই দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে সিরিজিটি।  এরই মধ্যে টিজারটি এক কোটির বেশি ভিউ পেয়েছে। কোরিয়ার পাশাপাশি আন্তর্জাতিক দর্শকদের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।কোরিয়ার জনপ্রিয় ওয়েব উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে সিরিজটি। একই গল্প পরে ওয়েবটুন হিসেবেও প্রকাশিত হওয়ায় এর আগে থেকেই বড় একটি ভক্তগোষ্ঠী রয়েছে। ফলে পর্দায় গল্পটির রূপ কেমন হবে, তা দেখার জন্য অপেক্ষায় আছেন পুরোনো পাঠকের পাশাপাশি নতুন দর্শকরাও। 

সিরিজটির কেন্দ্রীয় চরিত্র সম্রাজ্ঞী নাভিয়ের। চরিত্রটিতে অভিনয় করেছেন শিন মিন-আ। তার স্বামী সম্রাট সোভিয়েশুরের ভূমিকায় রয়েছেন জু জি-হুন। সম্রাটের জীবনে রাস্তা নামের এক নারী আসার পর বদলে যায় নাভিয়েরের দাম্পত্য জীবন। একপর্যায়ে সম্রাট তাকে বিবাহবিচ্ছেদের প্রস্তাব দেন। তবে নাভিয়ের সেই প্রস্তাব মেনে নেন একটি শর্তে। বিচ্ছেদের পর তিনি পশ্চিম সাম্রাজ্যের যুবরাজ হেইনরিকে বিয়ে করতে চান। এই সিদ্ধান্তের পরই গল্পে শুরু হয় প্রেম, ক্ষমতার লড়াই, প্রতিশোধ ও রাজদরবারের নানা হিসাব-নিকাশ। হেইনরির চরিত্রে অভিনয় করেছেন লি জং-সক। 

সিরিজটির আকর্ষণ শুধু প্রেমের গল্পে সীমাবদ্ধ নয়। রাজ দরবারের রাজনীতি, বিশ্বাসঘাতকতা, সামাজিক মর্যাদা ও ক্ষমতার দ্বন্দ্বের পাশাপাশি নিজের ভবিষ্যৎ নিজেই বেছে নেওয়া এক নারীর গল্পও উঠে আসবে এতে। ফলে গল্পে ব্যক্তিগত সম্পর্কের পাশাপাশি ক্ষমতার লড়াইও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ওয়েব উপন্যাস ও ওয়েবটুনে পাঠকের কল্পনায় তৈরি হওয়া রাজপ্রাসাদ, পোশাক ও চরিত্রগুলোকে এবার পর্দায় বাস্তব রূপ দেওয়াও নির্মাতাদের জন্য বড় চ্যালেঞ্জ। প্রকাশিত টিজারে অবশ্য এর জাঁকজমকপূর্ণ সেট, পোশাক এবং প্রধান চরিত্রগুলোর টানাপোড়েনের আভাস মিলেছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত