জনগণের প্রতি দায়বদ্ধতা ও গণতন্ত্রের প্রশ্নে বিএনপি আপসহীন: মাহ্দী আমিন

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পিএম

সময় ও প্রজন্ম বদলালেও জনগণের প্রতি দায়বদ্ধতা এবং গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সবসময় আপসহীন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। খবর বাংলাদেশ সংবাদ সংস্থা।  

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বাংলা একাডেমি প্রাঙ্গণে ‘জিয়া স্মৃতি বইমেলা ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া স্মৃতি পাঠাগার ও জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা এ অনুষ্ঠানের আয়োজন করে।

ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে মাহ্দী আমিন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আপসহীন সংগ্রাম এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের আধুনিক রাষ্ট্রদর্শন ধারণ করে মেধাভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে।

তিনি দাবি করেন, দেশের প্রতিটি জাতীয় সংকটে বিএনপি মানুষের পাশে দাঁড়িয়েছে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। বাক্‌স্বাধীনতা, রাষ্ট্র সংস্কার ও স্বাধীন পররাষ্ট্রনীতিতেও বিএনপির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

মাহ্দী আমিন আরও বলেন, বাক্‌স্বাধীনতার নামে অপপ্রচার ও অশালীনতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানসহ গত ১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যাপক আত্মত্যাগ করেছেন। জুলাই গণঅভ্যুত্থানে বিএনপির ৪২০ জনের বেশি নেতাকর্মী এবং ছাত্রদলের ১৪০ জনের বেশি নেতাকর্মী শহীদ হয়েছেন বলে দাবি করেন তিনি।

বাংলাদেশি জাতীয়তাবাদ প্রসঙ্গে তিনি বলেন, ধর্ম, বর্ণ, শ্রেণি ও মত-পথের ভিন্নতা ভুলে সবাইকে নিয়ে গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়াই এ দর্শনের মূল কথা। রাষ্ট্রকে প্রতিটি নাগরিকের সমান অধিকার, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সসহ বিএনপি, শ্রমিক দল, ছাত্রদল ও জিয়া স্মৃতি পাঠাগারের নেতারা বক্তব্য দেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত