মুক্তিপণ না পেয়ে ভাতিজাকে শ্বাসরোধে হত্যা, চাচার যাবজ্জীবন কারাদণ্ড

রোজার দিনে নামাজে বের হওয়া ষষ্ঠ শ্রেণির নিষ্পাপ শিশুকে অপহরণের পর মুক্তিপণ না পেয়ে শ্বাসরোধে হত্যা—সেই নৃশংসতার দায়ে অবশেষে সাজা পেলেন নিজেরই চাচা মাসুম বিল্লাহ।

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১২ বছরের শিশু ও ষষ্ঠ শ্রেণির ছাত্র রিফাত হোসেনকে অপহরণের পর হত্যা মামলায় ঘাতক চাচা মাসুম বিল্লাহকে (২৯) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক এ কে এম রকিবুল হাসান আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আব্দুস সামাদ।

দণ্ডপ্রাপ্ত মাসুম বিল্লাহ পিরোজপুরের নেছারাবাদ থানার বলদিয়া এলাকার মো. জাকির হোসেনের ছেলে। তিনি নারায়ণগঞ্জের দক্ষিণ রূপসী এলাকায় বসবাস করতেন। আর ভুক্তভোগী শিশু রিফাত হোসেন একই এলাকার রাসেল মোল্লার ছেলে। রিফাত দক্ষিণ রূপসী এলাকায় তার মা ও দুই বোনের সঙ্গে একটি ভাড়া বাড়িতে থেকে স্থানীয় কাজী মহিউদ্দিন মডেল হাই স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করতো। সম্পর্কের দিক থেকে মাসুম বিল্লাহ ছিলেন তার চাচা।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিউকিটর অ্যাডভোকেট মো. মানিক মিয়া মামলা সম্পর্কে জানান, ২০২৫ সালের ৩১ মার্চ রমজান মাসে রোজা রেখে জোহরের নামাজ আদায়ের জন্য বাসা থেকে বের হয় রিফাত। এ সময় সুযোগ বুঝে চাচা মাসুম বিল্লাহ তাকে অপহরণ করে পরিবারের কাছে ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। কিন্তু শিশুর মা মুক্তিপণ দিতে অপরাগতা প্রকাশ করলে ঘাতক মাসুম রিফাতকে শ্বাসরোধে হত্যা করে একটি পরিত্যক্ত ঘরের ভিতর ফেলে রাখে।

ওই দিন রাতেই পরিত্যক্ত ঘর থেকে মরদেহ উদ্ধারের খবর পেয়ে রিফাতের মা সুফিয়া আক্তার ঘটনাস্থলে গিয়ে ছেলের লাশ শনাক্ত করেন। অন্যদিকে ঘটনার পরপরই ঘাতক চাচা মাসুম বিল্লাহ পিরোজপুরে তার গ্রামের বাড়ির থানায় গিয়ে আত্মসমর্পণ করেন এবং নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি প্রদান করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আজ এ চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত