নাটোরে সাত বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় মো. আবু বক্কার সিদ্দিক (২১) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ে কারাদণ্ডের পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শারমিন আক্তার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আবু বক্কার সিদ্দিক সিংড়া উপজেলার বিজয়নগর গ্রামের আবু হানিফের ছেলে।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি সকাল সোয়া ৮টার দিকে বিজয়নগর গ্রামের একটি কওমি মাদ্রাসার কক্ষে স্কুলে যাওয়ার পথে তৃতীয় শ্রেণির ওই শিশুকে জোরপূর্বক ধর্ষণ করেন আবু বক্কার সিদ্দিক। এ ঘটনার পর ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে সিংড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
মামলাটির তদন্ত শেষে পুলিশ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরবর্তীতে সাক্ষ্য-প্রমাণ ও ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন পর্যালোচনা করে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।
আদালত নির্দেশ দিয়েছেন, আদায়কৃত অর্থদণ্ডের টাকা ভুক্তভোগী শিশুর ক্ষতিপূরণ হিসেবে প্রদান করা হবে। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা জারি করে দণ্ডপ্রাপ্ত আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
কুমিল্লায় শিশুকে ধর্ষণের পর হত্যা, আসামির যাবজ্জীবন