ভোলা সদর উপজেলায় পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে তিন বছর বয়সী মো. আব্দুল্লাহ ও দেড় বছর বয়সী আব্দুর রহমান নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাপ্তা ও আলীনগর ইউনিয়নে নিজ নিজ বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ বাপ্তা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মো. শফিকের ছেলে এবং আব্দুর রহমান আলীনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মো. সুমনের ছেলে।
স্বজনরা জানান, দুপুরে পরিবারের সদস্যরা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় আব্দুল্লাহ বাড়ির অন্য শিশুদের সঙ্গে খেলতে বের হয়। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরপাড়ে গেলে অসাবধানতাবশত পানিতে পড়ে যায় সে। পরে তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে স্বজনরা পুকুরে তল্লাশি চালিয়ে পানির নিচ থেকে উদ্ধার করেন। দ্রুত ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, আব্দুর রহমানের মা তাকে ঘরে রেখে পাশের বাড়িতে যান। কিছুক্ষণ পর মায়ের খোঁজে শিশুটি হামাগুড়ি দিয়ে ঘর থেকে বের হয়ে বাড়ির পাশে যায়। একপর্যায়ে সে পুকুরে পড়ে যায়। বিষয়টি টের পেয়ে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় দুটি অপমৃত্যু মামলা দায়েরের কার্যক্রম চলছে।