বাংলাদেশের বৈদেশিক মুদ্রার মোট (গ্রস) রিজার্ভ আরও বৃদ্ধি পেয়ে ৩৬ দশমিক ৩৮ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ ইব্রাহিম মুনসি এ তথ্য নিশ্চিত করেন।
কেন্দ্রীয় ব্যাংকের এই যুগ্ম পরিচালক জানান, ৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ৩৬ হাজার ৩৮৫ দশমিক ৯২ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী দেশের রিজার্ভের পরিমাণ ৩১ হাজার ৪৭৪ দশমিক ৯০ মিলিয়ন বা ৩১ দশমিক ৪৭ বিলিয়ন ডলার।
এদিকে রেমিট্যান্স প্রবাহও অব্যাহত রয়েছে। চলতি সেপ্টেম্বরের প্রথম পাঁচ দিনে দেশে প্রবাসী আয় এসেছে ৪৩ কোটি ৫৯ লাখ ডলার।
প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে এই রেমিট্যান্সের পরিমাণ দেশীয় মুদ্রায় প্রায় ৫ হাজার ৩৬১ কোটি টাকার বেশি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।