আগস্টে সড়কে ৪৮১ জন নিহত

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ এএম

গত আগস্ট মাসে দেশে ৫১৩টি সড়ক দুর্ঘটনায় ৪৮১ জন নিহত এবং ৬৬৪ জন আহত হয়েছেন বলে তথ্য দিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। এই সময়ে সাতটি নৌ-দুর্ঘটনায় ৬ জন নিহত ও ৯ জন আহত হয়েছেন। এ ছাড়া ৩৪টি রেলপথ দুর্ঘটনায় ২৭ জন নিহত ও ২৩ জন আহত হয়েছেন।

রোড সেফটি ফাউন্ডেশন ৯টি জাতীয় দৈনিক, ১৭টি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া ও নিজস্ব তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার আগস্ট মাসের সড়ক দুর্ঘটনার এই প্রতিবেদন প্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৬১ জন নারী ও ৫৮ জন শিশু রয়েছে। এ ছাড়া এই সময়ে ১৮৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৭৬ জন নিহত হয়েছেন, যা মোট নিহতের ৩৬ দশমিক ৫৯ শতাংশ। আর মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩৫ দশমিক ৬৭ শতাংশ।

বিভাগওয়ারি পরিসংখ্যানে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৭২টি দুর্ঘটনায় ১৪৪ জন নিহত হন। আর বরিশাল বিভাগে সর্বনিম্ন ১৫টি দুর্ঘটনায় ১৪ জন মারা যান। একক জেলা হিসেবে বগুড়ায় সর্বোচ্চ ৩৭ জন নিহত হয়েছেন। অন্যদিকে রাজধানীতে ৪৮টি দুর্ঘটনায় ২৩ জন নিহত এবং ৫৪ জন আহত হয়েছেন।

যানবাহনভিত্তিক প্রাণহানির তথ্যে দেখা যায়, বাসের যাত্রী ৩৭ জন, ট্রাক-কাভার্ডভ্যান-পিকআপ-ট্রাক্টর-লরি-ড্রামট্রাক আরোহী ৫১ জন, মাইক্রোবাস-প্রাইভেটকার-জিপ আরোহী ১১ জন, থ্রি-হুইলার (অটোরিকশা-অটোভ্যান-ইজিবাইক-সিএনজি-লেগুনা) যাত্রী ৭৮ জন, স্থানীয়ভাবে তৈরি যানবাহনের (নসিমন-ভটভটি-মাহিন্দ্র) যাত্রী ২১ জন এবং রিকশা-বাইসাইকেল আরোহী ৫ জন নিহত হয়েছেন।

অতিরিক্ত গতি ও অসচেতনতাকে দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করে সংস্থাটি এনআরএসসি পুনর্গঠন, প্রযুক্তির নজরদারি এবং সার্ভিস রোড নির্মাণসহ ১২ দফা সুপারিশ করেছে।

ফেনীতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র ও কাস্টমস কর্মকর্তা নিহত : ফেনীতে গতকাল সোমবার অটোরিকশার ধাক্কায় বাবার সামনেই প্রাণ গেল শাহেদ নামে চতুর্থ শ্রেণির এক ছাত্রের। শাহেদ বালিগাঁও ইউনিয়নের কাতালিয়া গ্রামের মো. ইসমাইলের ছেলে এবং ফকিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

গত রবিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে উল্টে যায়। এতে মো. আবদুল আলিম (৩৫) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। মো. আবদুল আলিম সিলেট কাস্টমসে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট এলাকার আবদুল কাদেরের ছেলে।

সর্বশেষ সর্বাধিক পঠিত