অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ ৫ আইন কর্মকর্তার পদত্যাগ

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ এএম

পদত্যাগ করেছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বার ভুঞা। গতকাল সোমবার তিনি রাষ্ট্রপতির উদ্দেশে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে পদত্যাগপত্র জমা দেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন। তিনি ছাড়াও গতকাল ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) মামুন চৌধুরী, সুলতানা আক্তার রুবি এবং সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) রোহানী সিদ্দিকা ও প্রোজ্জ্বল চাকমা।

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর তখনকার অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন পদত্যাগ করেন। তার সঙ্গে তখন তিনজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলরা পদত্যাগ করেন। ওই বছরের ৮ আগস্ট অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান মো. আসাদুজ্জামান (এখন তিনি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী)। ১৩ আগস্ট আবদুল জব্বার ভূঞাসহ তিনজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। গতকাল পদত্যাগকারী মামুন চৌধুরী,  সুলতানা আকতার রুবি, রোহানী সিদ্দিকা ও প্রোজ্জল চাকমা গত ৩০ জুলাই নিয়োগ পেয়েছিলেন।

অ্যাডভোকেট মামুন চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, ‘ব্যক্তিগত অসুবিধার কারণে দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছিল না। তাই অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র দিয়েছি।’ অ্যাডভোকেট সুলতানা আক্তার রুবি বলেন, ‘ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছি।’

সর্বশেষ সর্বাধিক পঠিত