হযরত শাহজালাল বিমানবন্দরের নাম পরিবর্তনের পরিকল্পনা নেই: বিমানমন্ত্রী

পরিদর্শনের সময় বিমানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনাইদ সাকি এবং বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী।

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ পিএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। জনগণের অর্থ অপচয় রোধের ওপর জোর দিয়ে তিনি বলেন, নাম পরিবর্তনের বদলে তৃতীয় টার্মিনাল দ্রুত চালু করাই সরকারের মূল লক্ষ্য।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিদর্শনকালে তিনি এই তথ্য জানান।

পরিদর্শনকালে আগামী ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল আংশিকভাবে চালুর ঘোষণা দেন মন্ত্রী। প্রাথমিক পর্যায়ে দুই-একটি ফ্লাইট পরিচালনার মাধ্যমে এর কার্যক্রম শুরু হবে এবং পরবর্তীতে ধাপে ধাপে তা পূর্ণাঙ্গ রূপ পাবে। টার্মিনালটি পুরোপুরি চালু হলে শাহজালালের যাত্রী হ্যান্ডলিং সক্ষমতা প্রায় চার গুণ বৃদ্ধি পাবে এবং সর্বোচ্চ ২৫০টি এয়ারক্রাফট পরিচালনার অবকাঠামোগত সুবিধা তৈরি হবে।

পরিদর্শনের সময় বিমানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনাইদ সাকি এবং বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী।

মন্ত্রী বলেন, জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আলোচনার পর এই প্রকল্পের রাজস্বে বাংলাদেশের অংশ ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৭ শতাংশ করা হয়েছে। একই সঙ্গে প্রকল্পের প্রায় ৯০০ কোটি টাকা ঋণের কিস্তি পরিশোধের প্রক্রিয়াও শুরু হয়েছে।

যাত্রীসেবার মান নিশ্চিতে কঠোর পদক্ষেপের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, বিমান অবতরণের ১৫ মিনিটের মধ্যে যাত্রীর হাতে লাগেজ পৌঁছানো নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে, ব্যর্থতায় সিভিল এভিয়েশনের পক্ষ থেকে জরিমানার ব্যবস্থা থাকবে। থার্ড টার্মিনালের ৫০ শতাংশ গ্রাউন্ড হ্যান্ডলিং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করবে জানিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন, উন্নত অবকাঠামোর ফলে বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি ফুটে উঠবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত