এএইচএফ অনূর্ধ্ব-২০ জুনিয়র এশিয়া কাপ হকিতে কাজাখস্তানকে হারিয়ে প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশ। দুর্দান্ত এই জয়ে টুর্নামেন্টে বিশ্বকাপে খেলার স্বপ্নও বাঁচিয়ে রাখল লাল-সবুজের প্রতিনিধিরা। মঙ্গলবার আসরে নিজেদের তৃতীয় ম্যাচে কাজাখস্তানের বিপক্ষে ৪-২ গোলের জয় তুলে নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ হকি দল। টানা দুই ম্যাচে হারের পর পাওয়া এই জয় দলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলতে থাকে বাংলাদেশ। একের পর এক আক্রমণে কাজাখস্তানের রক্ষণভাগকে চাপে রাখে তারা। বাংলাদেশের হয়ে একটি করে গোল করেন শিমুল ইসলাম, মেহেদী হাসান অভি, তৈয়ব আলী ও মুন্না ইসলাম। টুর্নামেন্টের প্রথম ম্যাচে স্বাগতিক চীনের কাছে ৩-২ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষেও ৪-২ গোলের ব্যবধানে পরাজিত হয়েছিল বাংলাদেশ। ফলে টানা দুই হারে কিছুটা চাপে পড়ে যায় দলটি। তবে তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে কাঙ্ক্ষিত জয় তুলে নিয়ে নিজেদের সামর্থ্যরে জানান দিয়েছে যুবারা।
কাজাখস্তানের বিপক্ষে ৪-২ গোলের এই জয় শুধু বাংলাদেশকে প্রথম পয়েন্টই এনে দেয়নি, বরং পরবর্তী ম্যাচগুলোর জন্য আত্মবিশ্বাসও জুগিয়েছে। বিশ্বকাপে জায়গা করে নিতে হলে সামনে আরও কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে বাংলাদেশকে। তবে আজকের জয় সেই লড়াইয়ে নতুন করে আশার আলো দেখাচ্ছে। টানা দুই ম্যাচের হতাশা পেছনে ফেলে কাজাখস্তানের বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়ে বাংলাদেশের যুবারা এখন বিশ্বকাপের টিকিটের লড়াইয়ে টিকে রইল।