গাজীপুরের শ্রীপুরে বাড়ি থেকে বের হয়ে খেলতে গিয়ে নিখোঁজ হওয়া দুই শিশু পুকুরে ডুবে মারা গেছে। নিখোঁজের ৮ ঘণ্টা পর বাড়ির অদূরের একটি পুকুর থেকে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ ইলিমবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে সন্ধ্যার দিকে ফায়ার সার্ভিসের একটি দল ইলিমবাড়ি এলাকার আবুল হোসেনের পুকুর থেকে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করে।
নিহত শিশু মো. জুনাইদ হাসান (১০) অপর শিশু মো. ইউসুফ মিয়া (৯)।
নিহত জুনাইদ হাসান বিক্রমপুরের মামুন মিয়ার ছেলে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। অপরজন ইউসুফ মিয়া ময়মনসিংহের তারাকান্দা উপজেলার এমদাদুল হকের ছেলে। সে স্থানীয় একটি কওমি মাদ্রাসার ছাত্র ছিল। তাদের পরিবার ওই এলাকায় ভাড়ায় থেকে চাকরি করেন।
স্বজনেরা জানান, দুপুরে বাড়ি থেকে বের হয়ে তারা দুজন নিখোঁজ হয়। এরপর তাদের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের পাওয়া যায়নি। বিকালে বাড়ির অদূরে আবুল হোসেনের পুকুরপাড়ে দুই শিশুর জুতা পড়ে থাকতে দেখেন। তাতে সন্দেহ হলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের সদস্যরা খোঁজতে নামেন। পরে অন্তত আধা ঘন্টা চেষ্টার পর নিহত দুই শিশুর মরদেহ উদ্ধার করেন।
মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খাইরুল আলম জানান বিকালে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনা স্থল গিয়ে পুকুরের পানি থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে। পরে দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শ্রীপুর মডেল থানার ওসি শাহীনুর আলম জানান, দুপুরে শিশু দুটি নিখোঁজ ছিল। তবে তারা এক সাথে খেলতে বের হয়েছিল। এরপর পুকুরে নামলে ডুবে যায়। বিকালে স্বজনরা টের পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। তিনি বলেন, পরিবারের আপত্তি না থাকায় স্বজনদের কাছে শিশু দুটির মরদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে।
কুমিল্লায় পানিতে ডুবে ১৮ মাস বয়সী যমজ শিশুর মৃত্যু