ময়মনসিংহে ডেঙ্গুতে যুবকের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০১

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ পিএম

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে রিজভী (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হাসপাতালটিতে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৫৮ জন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, মৃত রিজভী ময়মনসিংহ নগরের নতুন বাজার এলাকার লিটনের ছেলে। গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি। চিকিৎসাধীন অবস্থায় ৭ সেপ্টেম্বর বিকেল ৫টা ১৫ মিনিটে তার মৃত্যু হয়।

হাসপাতালের তথ্য অনুযায়ী, রিজভীর মৃত্যুর প্রাথমিক কারণ হিসেবে ‘ডেঙ্গু এক্সপ্যান্ডেড সিনড্রোম উইথ মায়োকার্ডাইটিস উইথ এএলভিএফ’ উল্লেখ করা হয়েছে।

হাসপাতালের সর্বশেষ ডেঙ্গু পরিস্থিতির প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ১০১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে ৬৮ জন পুরুষ, ২০ জন নারী ও ১৩ জন শিশু।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন অধ্যাপক ডা. এমদাদুল্লাহ খান বলেন, ডেঙ্গু পরিস্থিতি এখনো উদ্বেগজনক। প্রতিদিন নতুন রোগী ভর্তি হচ্ছেন। ডেঙ্গুতে জটিলতা দেখা দিলে রোগীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে পারে। তাই জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় অনেককে ওয়ার্ডের ফ্লোর ও বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে চিকিৎসার পাশাপাশি সবার সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে এ পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ১ হাজার ৮৪৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত