মুখের কথায় জিমেইল ও ডকসে কাজ করবে এআই

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ এএম

জিমেইল ও গুগল ডকসে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) নতুন সুবিধা চালু করছে গুগল। ‘জিমেইল লাইভ’ ও ‘ডকস লাইভ’ নামের এসব সুবিধার মাধ্যমে টাইপ না করেই মুখের কথায় ই-মেইল ও নথি থেকে প্রয়োজনীয় তথ্য খোঁজা এবং বিভিন্ন কাজ করা যাবে। জিমেইল লাইভে ইনবক্সের তথ্য খুঁজতে সার্চ বক্সে কিছু লেখার প্রয়োজন হবে না। ব্যবহারকারী মুখে নির্দেশ দিলেই জেমিনাইচালিত এআই সহকারী বিভিন্ন ই-মেইল বিশ্লেষণ করে প্রয়োজনীয় তথ্য খুঁজে দেবে। কথোপকথনের তথ্য পর্দায় বার্তা আকারেও দেখা যাবে। অন্যদিকে ডকস লাইভ ব্যবহার করে শুধু প্রয়োজনের কথা জানালেই তৈরি করা যাবে লেখার প্রাথমিক খসড়া। প্রয়োজনে জিমেইল, গুগল ড্রাইভ, চ্যাট ও ওয়েব থেকে তথ্য সংগ্রহ করেও খসড়া তৈরিতে সহায়তা করবে এআই।

জিমেইল লাইভ ব্যবহারের জন্য গুগল এআই প্লাস, প্রো বা আলট্রা সাবস্ক্রিপশন প্রয়োজন হবে। ডকস লাইভের জন্য লাগবে এআই প্রো বা আলট্রা। শুরুতে সুবিধাগুলো আইওএস ও অ্যান্ড্রয়েড ফোনে পাওয়া যাবে। পরে ওয়ার্কস্পেস ব্যবসায়িক গ্রাহকদের জন্যও এটি চালু করা হবে। মুখের কথায় প্রযুক্তি ব্যবহারের প্রবণতা বাড়াতে গত কয়েক মাসে বিভিন্ন সেবায় এমন একাধিক এআই সুবিধা যুক্ত করেছে গুগল।

সর্বশেষ সর্বাধিক পঠিত