শামা ওবায়েদ বললেন

হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগ চলছে

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ এএম

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, যখনই ভারত থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়া হবে, তখনই দেশের আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হবে। পরে জেলে যেতে হবে। গতকাল মঙ্গলবার দুপুরে মাদারীপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, একজন দ-প্রাপ্ত আসামি কোথায় বসে থেকে কি বলছে, এটা বিবেচ্য বিষয় নয়। স্বৈরাচার শেখ হাসিনাসহ তার দলের বহু লোক ভারতে পালিয়ে আছে। অপরাধী প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করছে বাংলাদেশ সরকার। ভারতের বিচার বিভাগও এটি দেখছে।

মক্কা প্যাক্ট নিয়ে শামা ওবায়েদ বলেন, এই প্রতিরক্ষামূলক সামরিক জোটে বাংলাদেশ যাবে কিনা, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। বাংলাদেশ সরকার ভবিষ্যতে যেকোনো নতুন ফোরাম বা গ্রুপে যুক্ত হওয়ার আগে দেশের পররাষ্ট্রনীতি সবার আগে অনুসরণ করবে। এমন গ্রুপ দেশের মানুষের স্বার্থসংশ্লিষ্ট কিনা এবং উপকারে আসবে কিনা সেটা বিবেচনা করে মক্কা প্যাক্ট-এ যাওয়া হবে। সেই সময় হলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এটা নিয়ে কথা বলবে।

মাদারীপুরের জেলা প্রশাসক নার্গিস আক্তারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান, সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন, জাহান্দার আলী জাহান, সাঈদ উদ্দিন আহম্মদ হানজালা, মাদারীপুরের পুলিশ সুপার মো. ফজলে এলাহীসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সর্বশেষ সর্বাধিক পঠিত