নিরাপত্তা চেয়ে জিডি পরের দিন মা-মেয়ের ওপর হামলা

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ এএম

রাজশাহীর গোদাগাড়ীতে জমি-সংক্রান্ত বিরোধের জেরে বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও মা-মেয়েকে মারধরের অভিযোগ উঠেছে। এ সময় মা ও মেয়েকে  ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত এবং তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ারও অভিযোগ করা হয়েছে। গুরুত্বর আহত অবস্থায় মা মোছা. মোজেরা বেগমকে (৬৫) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তার মেয়ে লাকী খাতুন বাদী হয়ে গোদাগাড়ী মডেল থানায় কয়েকজনের বিরুদ্ধে এজাহার দাখিল করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে উপজেলার কাদিপুর এলাকার লাকী খাতুন ও তার পরিবারের সদস্যদের গালাগালি করে। এর পরিপ্রেক্ষিতে গত শনিবার গোদাগাড়ী থানায় প্রতিবেশী কয়েকজনের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করেন লাকী বেগম। এরই জেরে রবিবার সকাল ১১টার দিকে শাহিন, শিলন, সমিরুল ও সিহাবসহ অজ্ঞাত তিন থেকে চারজন তার বাড়িতে চড়াও হন। তারা লাকী খাতুনের বাড়ির উঠানে গিয়ে বাড়ির টিনের বেড়া ও চালা ভাঙচুর করে। এ সময় লাকীর মা মোজেরা বেগম বাধা দিতে গেলে তারা ধারালো শাবল দিয়ে মাথার ডান পাশে কোপ মারে। এতে মোজেরা বেগম মাটিতে লুটিয়ে পড়েন। এর পরপরই হামলাকাররীরা লোহার রড দিয়ে তার শরীরে আঘাত করে আরও রক্তাক্ত করে। মায়ের চিৎকারে লাকী খাতুন এগিয়ে গেলে তাকেও এলোপাতাড়ি কিল ঘুষি মারে। একপর্যায়ে তার পরনের কাপড় ছিঁড়ে শ্লীলতাহানি করে।

এ সময় হামলাকারীরা গলায় থাকা একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। ১২ আনা ওজনের এই চেইনের বর্তমান বাজার মূল্য প্রায় ২ লাখ টাকা। মা ও মেয়ের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। আহত মোজেরা বেগমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে গোদাগাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স প্রেমতলীতে ভর্তি করেন। পরে মোজেরা বেগমের অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সোমবার এ ঘটনায় গোদাগাড়ী থানায় এজাহার দায়ের করেন লাকী বেগম।

সর্বশেষ সর্বাধিক পঠিত