পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার পুরোপুরি বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে পরিবেশ দূষণ রোধে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করার আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে আয়োজিত পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত এক পর্যালোচনা বৈঠকে প্রধানমন্ত্রী এই কঠোর নির্দেশনা দেন। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন তাঁর সহকারী প্রেস সচিব শাহরিয়ার পামির।
শাহরিয়ার পামির জানান, বৈঠকে পরিবেশবান্ধব ব্লক ইটের ব্যবহার বাড়ানো, বায়ু, পানি, মাটি ও শব্দদূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনাসহ পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন উদ্যোগের বাস্তবায়ন অগ্রগতি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশনা দিয়েছেন।’
একই সঙ্গে পরিবেশ দূষণ বন্ধে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোকে যথাযথ দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
বৈঠকে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমুম পারভেজসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদারতার সুযোগে অরাজকতা সৃষ্টি করলে আইনি ব্যবস্থা: প্রধানমন্ত্রী