বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ পিএম

জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পারভেজ হাসান (১৬) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুন পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পারভেজ হাসান ওই গ্রামের জামাত আলীর ছেলে। চলতি বছর এসএসসি পাস করে কলেজে ভর্তির জন্য আবেদন করেছিলেন তিনি। কলেজে ভর্তি হওয়ার আগেই তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আইরমারী নতুন পাড়া আয়মনা মাদবর উচ্চ বিদ্যালয়ের সামনে ফকির আলীর দোকানের বিদ্যুৎ লাইনে ত্রুটি দেখা দেয়। এ সময় পারভেজ ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক তারটি পরীক্ষা করতে যান। তারটি পরীক্ষা করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি।

পরে স্থানীয়রা তাকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পারভেজের মৃত্যুতে পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত