ভোলায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অশালীন ও কটূক্তিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে দুই তরুণের নাম উল্লেখ করে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন। জিডিতে অজ্ঞাতপরিচয় আরও সাতজনকে অভিযুক্ত করা হয়েছে।
ভোলা সদর মডেল থানায় মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) তিনি বিকেলে এ জিডি করেন।
জিডিতে নাম উল্লেখ করা দুজন হলেন সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের আব্দুর রহমান রিফাত (১৯) ও মো. মাসুম (১৮)।
খন্দকার আল আমিনের অভিযোগ, ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমান, তার মেয়ে ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে অভিযুক্তরা ফেসবুকে একটি ভিডিওতে অশালীন ভাষায় বক্তব্য দেন। এর প্রতিবাদে ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে তিনি থানায় জিডি করেন।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, জিডির বিষয়ে আদালতের অনুমতির জন্য বুধবার (৯ সেপ্টেম্বর) আবেদন পাঠানো হবে। আদালতের অনুমতি পাওয়ার পর তদন্ত শুরু হবে। অভিযুক্তরা বর্তমানে এলাকায় নেই বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তবে জিডির পর অভিযুক্ত কলেজছাত্র আব্দুর রহমান রিফাত এক পোস্টে নিজের বক্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেছেন। তিনি বলেন, বন্ধুদের সঙ্গে আড্ডার সময় আবেগের বশবর্তী হয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু অশালীন ও অসম্মানজনক কথা বলেছেন। ওই বক্তব্যের জন্য তিনি আন্তরিকভাবে দুঃখিত এবং নিঃশর্ত ক্ষমাপ্রার্থী।
অভিযোগটি যাচাই-বাছাই করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।