ভাইভা বোর্ডকে দলীয় বোর্ড বানাতে দেওয়া হবে না: সারজিস আলম

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বিএনপি ক্ষমতার অপব্যবহার, দলীয়করণ ও স্বজনপ্রীতির পুরোনো রাজনীতিতে ফিরে গেলে জনগণ তা মেনে নেবে না। দলীয় সুপারিশে সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগ কিংবা ভাইভা বোর্ডকে দলীয় নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা হলে জনগণ ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ভোলা জেলা পরিষদ অডিটোরিয়ামে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘বিএনপিকে নিয়ে আমাদের আলোচনা-সমালোচনা থাকবে, কঠোর সমালোচনা থাকবে। চাঁদাবাজি করলে বলব, জমি দখল করলে সেটাও বলব, কোথাও মানুষের ওপর জুলুম করলে সেটাও বলব। কিন্তু বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করব না।’

আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, ‘আওয়ামী লীগ খুনি, স্বৈরাচারী ও গণহত্যাকারী। বাংলাদেশে আওয়ামী লীগের পতন হয়েছে, ভারতে গিয়ে দাফন হয়েছে—এ চ্যাপ্টার ক্লোজড।’

বিএনপির গত ছয় মাসের কর্মকাণ্ডে এনসিপি সন্তুষ্ট নয় উল্লেখ করে সারজিস আলম বলেন, তারা ধীরে ধীরে লাইনচ্যুত হচ্ছে বলে মনে করছেন। ক্ষমতার অপব্যবহার, দলীয়করণ ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে তিনি বলেন, সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায়ও দলীয় প্রভাব বিস্তারের চেষ্টা দেখা যাচ্ছে।

তিনি অভিযোগ করেন, ভাইভায় অস্বাভাবিকভাবে নম্বর বাড়িয়ে দিয়ে দলীয় বিবেচনায় চাকরি দেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। বিএনপি তাদের পুরোনো কায়দা থেকে বেরিয়ে না এলে এনসিপির রাজপথের কর্মসূচি আরও শক্তিশালী হবে বলেও জানান তিনি।

প্রশাসনে রাজনৈতিক প্রভাব বিস্তারের সমালোচনা করে সারজিস আলম বলেন, ডিসি, এসপি, ওসি ও ইউএনওসহ প্রশাসনের কর্মকর্তাদের দলীয় কার্যালয় থেকে নিয়ন্ত্রণ করার মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। এ ধরনের রাজনৈতিক নিয়ন্ত্রণ অব্যাহত থাকলে কাঙ্ক্ষিত রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়ন সম্ভব নয়।

তিনি বলেন, বিএনপিকে পুরোনো অভ্যাস ও রাজনৈতিক মনস্তত্ত্ব থেকে বেরিয়ে আসতে হবে। তা না হলে ধীরে ধীরে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি অপ্রাসঙ্গিক হয়ে পড়বে। গণভোটের রায় বাস্তবায়ন না করলে বিএনপির পক্ষে পাঁচ বছর ক্ষমতায় টিকে থাকাও সম্ভব হবে না বলে মন্তব্য করেন তিনি।

এর আগে সকাল ১০টায় ভোলা জেলা পরিষদ অডিটোরিয়ামে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা শুরু হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে সারজিস আলম বলেন, সংগঠন গড়ে তোলা ও নির্বাচনে জয়ের জন্য প্রয়োজনীয় রাজনৈতিক কৌশল নির্ধারণ করে এনসিপি নিজেদের রাজনৈতিক পথেই এগিয়ে যাবে।

তিনি বলেন, আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই, বাংলাদেশপন্থী রাজনীতি, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, জনগণের মর্যাদা নিশ্চিত করা এবং সব ধরনের অপকর্মের বিরুদ্ধে অবস্থান নেওয়া এনসিপির অন্যতম লক্ষ্য।

এনসিপির ভোলা জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট জিয়াউর রহমানের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সদস্যসচিব মাকসুদূর রহমানের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় কমিটির সদস্য মহিউদ্দিন রনি, কাজী সালমান, রায়হানুল ইসলাম এবং বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন।

কর্মশালায় এনসিপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা এবং জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এতে তৃণমূল সংগঠন শক্তিশালী করা, রাজনৈতিক কর্মপরিকল্পনা ও মাঠপর্যায়ে জনগণের অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত