এক সাবস্ক্রিপশনে একাধিক এআই সেবা

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পিএম

বাংলাদেশে প্রথম অল-ইন-ওয়ান এআই হাব ‘রবি এআই স্পেস’ চালু করেছে রবি আজিয়াটা পিএলসি। মাই রবি অ্যাপের মাধ্যমে গ্রাহকেরা এ সেবা ব্যবহার করতে পারবেন।

‘এভরি এআই’ প্ল্যাটফর্মের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে চালু করা এ সেবায় চ্যাটজিপিটি, জেমিনি, ক্লড ও ডিপসিকের মতো একাধিক জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ব্যবহারের সুযোগ থাকছে। গ্রাহকেরা একটি প্রিমিয়াম সাবস্ক্রিপশন অথবা নির্দিষ্ট এআই বান্ডেল প্যাক কিনে এসব সেবা ব্যবহার করতে পারবেন।

রবি জানিয়েছে, আন্তর্জাতিক পেমেন্ট ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে বাংলাদেশের অনেক ব্যবহারকারী এতদিন বিভিন্ন বৈশ্বিক ডিজিটাল সেবা নিতে পারতেন না। নতুন এ উদ্যোগের মাধ্যমে মোবাইল ডাটা বান্ডেল কিনেই গ্রাহকেরা এআই মডেল ব্যবহার বা এআই টোকেন সংগ্রহ করতে পারবেন।

শিক্ষার্থী, ফ্রিল্যান্সার ও উদ্যোক্তাদের কথা বিবেচনায় নিয়ে প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে। গবেষণা, লেখালেখি, ব্যবসায়িক পরিকল্পনা ও দৈনন্দিন কাজের পাশাপাশি বিভিন্ন প্রয়োজনে এআইভিত্তিক টুল ব্যবহারের সুযোগ পাবেন ব্যবহারকারীরা।

এভরি এআই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি তাদের টোকেন ব্যালেন্স দেখতে পারবেন। ফলে একাধিক আন্তর্জাতিক সাবস্ক্রিপশন বা আলাদা পেমেন্ট অ্যাকাউন্ট ব্যবহারের প্রয়োজন হবে না।

রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা বলেন, ক্রেডিট কার্ড ব্যবহারের কম হার বৈশ্বিক ডিজিটাল টুল ব্যবহারের ক্ষেত্রে বাংলাদেশের জন্য দীর্ঘদিনের একটি বাধা। মাই রবি অ্যাপে অল-ইন-ওয়ান এআই প্ল্যাটফর্ম যুক্ত করার মাধ্যমে সেই বাধা দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, উন্নত ডিজিটাল প্রযুক্তি সবার কাছে পৌঁছে দেওয়া এবং তরুণসহ সাধারণ মানুষকে স্থানীয় মোবাইল সংযোগের মাধ্যমে বিশ্বমানের এআই ব্যবহারের সুযোগ করে দেওয়া এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

মাই রবি অ্যাপের ‘রবি এআই স্পেস’ বিভাগ থেকে এখন সব রবি গ্রাহক এ সেবা ব্যবহার করতে পারবেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত