বাগদানের পর এবার গোপনে বিয়ে সেরে ফেলেছেন তারকা জুটি লেডি গাগা ও মাইকেল পোলানস্কি। লেডি গাগা হঠাৎ লাপাত্তা হয়ে যাওয়ায় ক্রমেই জল্পনা দানা বাঁধছে ভক্ত-অনুরাগীর মনে। ডেইলি মেইলের এক প্রতিবেদনের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গাগার ঘনিষ্ঠ কয়েকজনের ধারণা, তারা হয়ত গোপনে বিয়ে করে হানিমুনে চলে গেছেন। অন্য একটি সূত্রের দাবি, এক মাসেরও বেশি সময় ধরে কেউ গাগাকে সামনে থেকে দেখেননি বা তার সঙ্গে যোগাযোগ করতে পারেননি। যদিও পুরোপুরি আড়ালে নেই এই পপ তারকা। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিয়মিতই পোস্ট করছেন। নিজের প্রসাধনী ব্র্যান্ড ‘হাউস ল্যাবস’ নিয়েও তাকে সক্রিয় দেখা গেছে।
২০২৬ সালের জুলাইয়ে গাগার দীর্ঘদিনের ম্যানেজার ববি ক্যাম্পবেল ও রবার্ট গার্সিয়ার বিয়েতেও গাগা ও পোলানস্কিকে দেখা গেছে বলে জানা গেছে। তবে ওই বছর মেট গালা এড়িয়ে যাওয়া এবং সফর শেষ হওয়ার পর থেকে তার প্রকাশ্য উপস্থিতি কমে যাওয়ায় বিয়ের গুঞ্জন আরও জোরালো হয়েছে। ভক্তদের একাংশের প্রশ্ন- তাহলে কি এরই মধ্যে গোপনে বিয়ে করে ফেলেছেন গাগা?
গাগা ও পোলানস্কির গোপনে বিয়ে করার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ, তারা আগেও বড়সড় তারকাখচিত বিয়ের পরিবর্তে ছোট ও ব্যক্তিগত আয়োজনের ইচ্ছার কথা জানিয়েছেন। ২০২৪ সালে ‘জিমি কিমেল লাইভ!’ অনুষ্ঠানে গাগা মজা করে বলেছিলেন, তারা চাইলে আদালতে গিয়ে বিয়ে করে পরে চাইনিজ খাবার খেতে যেতে পারেন। পরে রোলিং স্টোনকে পোলানস্কিও জানিয়েছিলেন, তারা বিশাল কোনো বিয়ের আয়োজন করতে চাইছেন না। এরপর ২০২৬ সালের মার্চে ব্রুনো মার্সের এক লাইভস্ট্রিমে গাগা নিজেই জানান, তারা ‘শিগগিরই বিয়ে করতে যাচ্ছেন’। এমনকি বিয়ের অনুষ্ঠানের জন্য একটি গান বেছে নিতে ব্রুনো মার্সের সাহায্যও চান তিনি। তবে গাগা ও পোলানস্কি গোপনে বিয়ে করেছেন, এমন কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি।