বান্দরবানের থানছিতে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে অপহরণের অভিযোগ ওঠেছে। বুধবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নাইন্দারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তাকে অপহরণ করা হয়।
অপহৃত প্রধান শিক্ষকের নাম চাইঅং প্রু মার্মা (৬১)। তিনি থানছি সদর উপজেলার নাইদারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলে জানা গেছে। তবে কে বা কারা তাকে অপহরণ করেছে তা নিশ্চিত হওযা যায়নি।
এলাকার প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে একটি ইঞ্জিনচালিত নৌকায় করে কয়েকজন অস্ত্রধারী বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষককে খুঁজতে থাকেন। এসময় নিজের বিদ্যালয়ের পাশে একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন প্রধান শিক্ষক চাইঅং প্রু মার্মা। পরে অস্ত্রধারীরা তাকে অস্ত্রের মুখে নৌকায় তুলে নিয়ে যায়।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক উ নু থোয়াই মার্মা জানান, কয়েকজন অস্ত্রধারী বিদ্যালয়ে প্রবেশ করে প্রথমে প্রধান শিক্ষককে খুঁজতে থাকেন। পরে পাশের চায়ের দোকানে দেখতে পেয়ে অস্ত্রের মুখে তাকে নৌকায় করে তুলে নিয়ে যায় অস্ত্রধারীরা। এসময় তার একটি মুঠোফোনও নিয়ে যায়। তবে অপহরণকারীরা কেন তাকে অপহরণ করেছে এবং তারা কোন দলের সদস্য তা জানা যায়নি বলে জানান তিনি।
থানছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে অপহৃত প্রধান শিক্ষককে উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।
এদিকে দিনে-দুপুরে একটি সরকারি একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষককে অপহরণ করার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বান্দরবানে পাহাড় কাটা বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ হাইকোর্টের