দুদক সচিব জানালেন

আসিফের অভিযোগ আমলযোগ্য হওয়ায় অনুসন্ধানের সিদ্ধান্ত

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ এএম

সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে আসা দুর্নীতির অভিযোগ যাচাই-বাছাইয়ে ‘আমলযোগ্য’ বিবেচিত হওয়ায় অনুসন্ধানের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান। গতকাল বুধবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে বুধবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গতকাল এক সংবাদ সম্মেলনে দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন তোলেন। তার অভিযোগ, দুদককে রাজনৈতিকভাবে ব্যবহার করে তাকে হয়রানি করা হচ্ছে। দুদক সচিব এ অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, অবশ্যই না। আমাদের দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী পরিচালিত হয়। স্বাধীন সংস্থা হিসেবে দুদক তার কার্যক্রম পরিচালনা করছে। আমাদের এখানে অভিযোগ আসে। আমরা অভিযোগ অনুসন্ধান করি এবং তারপর আইনানুগ ব্যবস্থা নেব। তিনি বলেন, আসিফের বক্তব্য দেওয়ার অধিকার রয়েছে। তার বক্তব্যও কমিশন যাচাই করবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

আসিফের বিরুদ্ধে অনুসন্ধান শুরুর আগে অভিযোগের কোনো প্রাথমিক ভিত্তি পাওয়া গিয়েছিল কি নাÑ এমন প্রশ্নের জবাবে দুদক সচিব বলেন, দুদকে আসা অভিযোগ প্রথমে যাচাই-বাছাই কমিটির কাছে যায়। যাচাই-বাছাইয়ের পর নিশ্চয়ই সেখানে একটা কমেন্ট থাকে, একটা রিকমেন্ডেশন থাকবে, একটা মতামত থাকবে। সেই মতামত নিয়েই কমিশন পরবর্তী কার্যক্রমে, অনুসন্ধানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। যাচাই-বাছাই কমিটির প্রতিবেদন কমিশন পর্যালোচনা করার পর অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। এরপর অনুসন্ধানের প্রয়োজনে বিভিন্ন নথি চাওয়া হয়েছে।

অভিযোগের ‘প্রাথমিক সত্যতা’ নিয়ে সাংবাদিকদের একাধিক প্রশ্নের মুখে দুদক সচিব জানান, অনুসন্ধান শেষ হওয়ার আগে এ বিষয়ে চূড়ান্ত কিছু বলার সুযোগ নেই।

দুদকের একজন মুখপাত্র এর আগে আসিফের বিরুদ্ধে অভিযোগের ‘প্রাথমিক সত্যতা’ থাকার কথা জানিয়েছিলেন। এ বিষয়ে প্রশ্ন করলে সচিব বিষয়টিকে সিøপ অব টাং বলেন। তবে যাচাই-বাছাইয়ে অভিযোগটি অনুসন্ধানের জন্য আমলযোগ্য মনে করা হয়। দুদক আসিফসহ চারজনের বিরুদ্ধে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বদলি, নিয়োগ ও পদোন্নতিতে অনিয়মের অভিযোগ অনুসন্ধান করছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত