বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ পিএম

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির কারণে পায়রাসহ দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সামুদ্রিক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। লঘুচাপের প্রভাবে সমুদ্র আরও উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে।

মৎস্য সংশ্লিষ্টরা জানান, গভীর সমুদ্রে থাকা অনেক মাছ ধরার ট্রলার এখনো উপকূলে ফিরে আসেনি। আবহাওয়া পরিস্থিতির অবনতি হলে এসব ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে ফেরার প্রয়োজন হতে পারে।

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বাসসকে বলেন, ‘লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। একই সঙ্গে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।’

এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনার কথা বলা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত