চট্টগ্রামের আনোয়ারায় প্রায় ৮ হাজার ইয়াবাসহ নুরুল আলম ওরফে মুজাহিদ (৪৩) নামের এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-৭। এ সময় তার কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাকে আনোয়ারা থানায় হস্তান্তর করেছে র্যাব।
এর আগে ওই দিন দুপুরে উপজেলা সদর ইউনিয়নের সর্দারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক নুরুল আলম কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার বাসিন্দা আবদুর রহমানের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নুরুল আলম ওরফে মুজাহিদকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৭ হাজার ৮৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১২ লাখ টাকা।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, র্যাব-৭ বুধবার সন্ধ্যায় আটক ব্যক্তিকে আনোয়ারা থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু শেষে গ্রেপ্তার দেখিয়ে তাকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।
জামালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোরিকশা চালকের মৃত্যু